রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশের বিষয়ে সংসদে জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে কথা বলতে হবে। এ জন্য জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় দায়িত্বশীলদের প্রস্তুত থাকতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাঁর সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া তাঁদের লক্ষ্য নয়, বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সব সময় মনে রেখে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালন ও সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সক্ষমতা বাড়াতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এসব ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাজনক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের স্থান হবে না।
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। জামায়াত বরাবরই বলে আসছে, সংসদে তাদের ভূমিকা হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে তারা সব সময় ভূমিকা রাখবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাঁদের অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।
বৈঠকে ‘বার্ষিক পরিকল্পনা-২০২৭’ প্রণয়নসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সানা/আপ্র/১৬/১১/২০২৬