মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সমন্বিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ব্রাঞ্চসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি ও তাঁদের যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৬/১১/২০২৬