গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ব্যাপক ভাঙচুর
ছবি

রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো -ছবি সংগৃহীত

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে হামলা, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা।

মিছিল ও সহিংসতার ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট, ব্যাহত হয় যান চলাচল। গোপালগঞ্জ-পাটগাতী সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও সদর উপজেলার আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে তাঁদের একটি অংশ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তাঁরা গাবতলা মোড়ে গিয়ে অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়া নেতা-কর্মীরা একযোগে মিছিল বের করেন। সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক সেতু হয়ে শহরে প্রবেশ করে। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান মিছিলকারীরা।

মিছিলে নারী কর্মীসহ বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম ছিল। কারও কারও মাথায় হেলমেটও দেখা যায়। তাঁরা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শহরের বিভিন্ন স্থানে ভাঙচুরের সময় এফএনএফ নামের একটি সুপারশপের কাচও ভাঙা হয়। এ ছাড়া পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক স্থাপন করা হয়।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর উঠে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। পরে এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।

এদিকে বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং সেখানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।
মিছিল চলাকালে লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সামসুল হক।

কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিশেষায়িত নিরাপত্তা বাহিনী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। তবে মিছিলকারীদের পুলিশের ব্যারিকেড ভাঙা ও বিভিন্ন স্থানে ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান বাধা দেওয়ার ঘটনা দেখা যায়নি।

বিক্ষোভের কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বেলা দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং রিকশা-ভ্যান চলাচলও স্বাভাবিক হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়। তবে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আগের রাতেও বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা: এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেন।

অন্যদিকে রোববারের মিছিলকে কেন্দ্র করে শহরে বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়ায়।
সানা/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংহতি ফাউন্ডেশনের সভা ও মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত
১৪ নভেম্বর ২০২৬

সংহতি ফাউন্ডেশনের সভা ও মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

সংহতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল (১৩ নভেম্বর) শুক্রবার বিকেল ৪টায় সংহতি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যাল...

সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু
১৪ নভেম্বর ২০২৬

সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু, তিন দিনে প্রতিবেদন
১৩ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু, তিন দিনে প্রতিবেদন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈ...

প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী
১৩ নভেম্বর ২০২৬

প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে বলে মন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই