গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলার জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি মোকাবিলায় জেলায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বিজিবি কমান্ডার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরো তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে ছয় প্লাটুনে বিজিবির মোট সদস্যসংখ্যা ১৫০। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। তারা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভবিষ্যতেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তাঁদের পাশাপাশি এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্ত মোবাইল টহল থাকায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এক মিনিটের জন্যও জাতীয় মহাসড়ক বন্ধ হয়নি। গোপালগঞ্জ সদর ছাড়াও চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিআইজি আরো বলেন, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি পর্যালোচনা করে প্রতিদিন নিরাপত্তা পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে। সরকারি স্থাপনা, জানমাল ও জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
এর আগে রোববার সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এসব মিছিলে অনেকের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক, পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। শহরের একটি সুপারশপের কাচ ভাঙচুর, বিএনপির ব্যানার-ফেস্টুন ছেঁড়া এবং বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। মিছিলের কারণে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রিকশা-ভ্যান চলাচল ব্যাহত হয়। দুপুর ২টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
সানা/আপ্র/১৫/১১/২০২৬