গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগে ফলপ্রসূ আলোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগে ফলপ্রসূ আলোচনা
ছবি

রোববার তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের বিষয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন খাতে বিনিয়োগে অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরস্ক থেকে প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ তুলে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে দুই নেতার আলোচনার বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে হুমায়ুন কবির বলেন, প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য খাতে অংশীদারত্বের বিষয়ে আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে তুরস্কের বিনিয়োগ অংশীদারত্বের বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু সম্মেলনের মতো বহুপক্ষীয় ফোরামের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি।

হুমায়ুন কবিরের ভাষ্য, এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে অত্যন্ত আন্তরিক পরিবেশে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং তা আরো সুদৃঢ় সমন্বিত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। এরদোয়ান বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা তারেক রহমানের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর বাংলাদেশ ও তুরস্ক যাতে আরো জোরালোভাবে কাজ করতে পারে, সে বিষয়ে কথা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও সমর্থন জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে বিতর্ক: আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পা তুলে বসার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বসার সময় তিনি হয়তো কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে এর মধ্যে অসম্মান বা বেয়াদবির কোনো ইঙ্গিত তিনি দেখেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিলিব্যান্ড নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁর বসার ভঙ্গি কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে। তবে বৈঠকে তিনি আন্তরিক ছিলেন। বিষয়টি নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি একাত্তরের মার্চে শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টোর পা তুলে বসার প্রসঙ্গও টানেন।

হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চেনেন। গত দুই সপ্তাহে তাঁর সঙ্গে দুইবার বৈঠক হয়েছে। এর মধ্যে একবার অ্যান্টিগা ও বারবুডায় কমনওয়েলথের এক অনুষ্ঠানের ফাঁকে এবং অন্যবার আনতালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়।

মিলিব্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে শ্রদ্ধা করেন এবং তাঁকে গণতান্ত্রিক বিশ্বের একজন নেতা হিসেবে গুরুত্ব দেন বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশের ভোটে নির্বাচিত নেতৃত্ব এবং গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
সানা/ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে
১৫ নভেম্বর ২০২৬

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্...

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন
১৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রি...

চলতি বছর ১১৫ দেশে গেছেন বাংলাদেশি কর্মীরা, নতুন বাজারে লবিস্ট নিয়োগের উদ্যোগ
১৫ নভেম্বর ২০২৬

চলতি বছর ১১৫ দেশে গেছেন বাংলাদেশি কর্মীরা, নতুন বাজারে লবিস্ট নিয়োগের উদ্যোগ

চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা। বিদেশে কর্মসংস্থানের ন...

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
১৫ নভেম্বর ২০২৬

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপ...

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই