গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

টাকার জন্য বাসযাত্রীকে জিম্মি, বাঁচাতে গিয়ে দুজনকে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
টাকার জন্য বাসযাত্রীকে জিম্মি, বাঁচাতে গিয়ে দুজনকে হত্যা
ছবি

জিম্মি যাত্রীকে উদ্ধার করতে গিয়ে নিহত মুকুল বসুনিয়া ও শাকিব বসুনিয়ার লাশ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয় -ছবি সংগৃহীত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে এক যাত্রীকে জিম্মি করে রাখার পর তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসা দুই যুবককে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে প্রতিবেশী। তাঁদের সঙ্গে থাকা চাচা আতিক বসুনিয়ার অভিযোগ, বাসের চালক ও সহকারী তাঁকে আটকে রেখে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেন।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন আতিক বসুনিয়াও। তাঁর কাছে এক লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মুকুল ও শাকিবও নেমে যান। কিন্তু আতিককে বাসে আটকে রাখা হয়। বিষয়টি দেখে মুকুল ও শাকিব বাসে ওঠার চেষ্টা করলে তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

আতিক বসুনিয়া বলেন, বাসের চালক ও সহকারী তাঁর গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখেন। মুকুল ও শাকিব তাঁকে ওই অবস্থায় দেখে চলন্ত বাসে ওঠার চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে দেন। সহকারী তাঁদের লাথি মেরে ফেলে দেন। চালক তাঁকে মারধর করেন এবং ছুরি দিয়ে হত্যার হুমকি দেন। পরে পেছনে থাকা একটি মাইক্রোবাস বাসটির সামনে গিয়ে বাধা দিলে স্থানীয় লোকজন বাসটি থামিয়ে তাঁকে উদ্ধার করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুর্ঘটনার কোনো আলামত পাননি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

নিহত শাকিবের স্ত্রী জাহিদা বেগম স্বামীর লাশ নিতে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘রাতেই কথা হলো সকালে বাড়িতে আসবে। আমার স্বামীকে কেন মারল? আমি এখন কাকে নিয়ে বাঁচব?’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক আজির হোসেন ও তাঁর সহকারী শফিক ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁরা মারধরের শিকার হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাকার বিষয়টি পুলিশ শুনেছে, তবে তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
সানা/ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জনবল সংকটে লক্ষ্মীপুর বিআরডিবি, বকেয়া ঋণ ১৮ কোটি টাকা
১৫ নভেম্বর ২০২৬

জনবল সংকটে লক্ষ্মীপুর বিআরডিবি, বকেয়া ঋণ ১৮ কোটি টাকা

তারেক মাহমুদ: তীব্র জনবল সংকট, বিপুল পরিমাণ বকেয়া ঋণ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সার্টিফিকেট মামলা নি...

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ
১৫ নভেম্বর ২০২৬

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত...

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্...

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
১৫ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই