গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ
ছবি

ছবি সংগৃহীত

প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এই অগ্রগতির আড়ালে নীরবে বদলে যাচ্ছে মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনযাপনের ধরন। সামাজিক যোগাযোগমাধ্যমে কী দেখব, কোন বিষয়ে আগ্রহী হব কিংবা কী নিয়ে ভাববো- এর অনেকটাই নির্ধারিত হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে। ফলে মানুষের ব্যক্তিগত পছন্দ ও চিন্তার স্বাধীনতা ক্রমেই প্রযুক্তির প্রভাবের মুখোমুখি হচ্ছে। অবিরাম স্ক্রলিংয়ে হারিয়ে যাচ্ছে সময় ও মনোযোগ।

কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই পর্দায় একের পর এক বিষয় দেখতে থাকা এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। একটি ভিডিও দেখার পর আরেকটি ভিডিও সামনে আসে। এভাবে অজান্তেই অনেকটা সময় পার হয়ে যায়। প্রয়োজনীয় কাজ পিছিয়ে পড়ে এবং পড়াশোনা ও ঘুমের সময়েও প্রভাব পড়ে। সাময়িক বিনোদনের এই অভ্যাস ধীরে ধীরে মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে দুর্বল করে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের জীবনের সাফল্য ও আনন্দের মুহূর্তগুলো বেশি দৃশ্যমান হয়। চাকরি, ভ্রমণ, অর্জন কিংবা ব্যক্তিগত আনন্দের ছবি দেখে অনেকেই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করতে শুরু করে। এতে নিজের অর্জনকে ছোট মনে হওয়ার প্রবণতা তৈরি হয়। অথচ পর্দায় দেখা জীবনের সবটুকু বাস্তব জীবনের প্রতিচ্ছবি নয়। আরেকটি কারণ মানসিক পরামর্শে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতার জন্য বর্তমানে মন খারাপ, সম্পর্কের জটিলতা কিংবা মানসিক চাপের বিষয়ে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পরামর্শ খোঁজেন। দ্রুত উত্তর পাওয়ার সুবিধা থাকলেও মানুষের ব্যক্তিগত অনুভূতি ও পরিস্থিতির সব দিক প্রযুক্তি বুঝতে পারে না। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমাত্র প্রযুক্তিনির্ভর হওয়া ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী বিশ্বস্ত মানুষ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।

অন্যদিকে তথ্যের প্রাচুর্যে কমছে গভীর উপলব্ধি। প্রযুক্তির কারণে তথ্য পাওয়া এখন সহজ। কিন্তু বেশি তথ্য জানার অর্থ সবকিছু গভীরভাবে বোঝা নয়। অল্প সময়ে অনেক বিষয় পড়া বা দেখা হলেও সেগুলো নিয়ে চিন্তা করার সুযোগ কমে যাচ্ছে। ফলে মুখস্থ তথ্যের পরিমাণ বাড়লেও বিশ্লেষণ ও নিজস্ব উপলব্ধির চর্চা কমতে পারে। কোনো বিষয় বোঝার জন্য সময় নিয়ে পড়া ও চিন্তা করার অভ্যাস প্রয়োজন। চারপাশকে দেখার অভ্যাস হারিয়ে যাওয়া ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

পর্দার প্রতি অতিরিক্ত মনোযোগ মানুষের চারপাশের জগৎ থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে থেকেও অনেকের মন পড়ে থাকে মুঠোফোনে। প্রকৃতি, মানুষের আচরণ কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা পর্যবেক্ষণের অভ্যাস কমে যাচ্ছে। অথচ পর্যবেক্ষণ মানুষের চিন্তা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম ভিত্তি। অনুভূতির গভীরতা ও সহমর্মিতার সংকট দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে। পর্দায় কারও দুঃখের খবর দেখে একটি প্রতিক্রিয়া জানানো সহজ। কিন্তু বাস্তবে তার পাশে দাঁড়ানো কিংবা মনোযোগ দিয়ে তার কথা শোনা তুলনামূলক কঠিন।

প্রযুক্তিনির্ভর যোগাযোগে অনুভূতি প্রকাশের সুযোগ থাকলেও সরাসরি কথোপকথনের গভীরতা সব সময় তৈরি হয় না। ফলে মানুষের প্রতি সহমর্মিতা ও সম্পর্কের আন্তরিকতা ধরে রাখার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। নতুন বার্তা, পছন্দের প্রতিক্রিয়া কিংবা আকর্ষণীয় ভিডিও মানুষের মনে তাৎক্ষণিক আনন্দ তৈরি করে। এই দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাস মানুষকে বারবার পর্দার দিকে ফিরিয়ে নেয়। ফলে অপেক্ষা করার ধৈর্য এবং দীর্ঘসময় ধরে কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে।

প্রয়োজন ছাড়া মুঠোফোন দেখার অভ্যাস নিয়ন্ত্রণ করা তাই জরুরি। চিন্তার পরিসর সংকুচিত হওয়ার প্রবণতা থেকেই যায়। অ্যালগরিদম সাধারণত ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বিষয়বস্তু সামনে আনে। ফলে একই ধরনের মতামত ও চিন্তার সঙ্গে বারবার পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। ভিন্নমত বা নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়ার পরিসর সংকুচিত হতে পারে। এতে কোনো বিষয়কে একাধিক দিক থেকে বিবেচনা করার অভ্যাস দুর্বল হয়। চিন্তার স্বাধীনতা ধরে রাখতে ভিন্ন মত ও নির্ভরযোগ্য উৎসের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন।

অন্যের জীবনধারা অনুকরণে নিজস্বতা হারানোর মতো নীরব প্রভাব এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের পোশাক, অভ্যাস, পছন্দ ও জীবনযাপন অনেকের কাছে অনুসরণীয় হয়ে ওঠে। ধীরে ধীরে নিজের প্রয়োজন ও সামর্থ্যের বদলে অন্যের জীবনধারাকে আদর্শ মনে করার প্রবণতা তৈরি হয়। এতে ব্যক্তিগত পছন্দ ও স্বতন্ত্র চিন্তা গুরুত্ব হারায়। প্রত্যেক মানুষের জীবন ও বাস্তবতা আলাদা- এই উপলব্ধি নিজের স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করে।

মানসিক স্বাস্থ্যের ওপর প্রযুক্তির নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে অতিরিক্ত পর্দা ব্যবহার, অনলাইন হয়রানি, সামাজিক তুলনা এবং ঘুমের অনিয়ম মানসিক অস্বস্তির কারণে। কারও ক্ষেত্রে একাকিত্ব, উদ্বেগ ও হতাশার অনুভূতিও তীব্র হতে পারে। তবে মানসিক স্বাস্থ্য সমস্যার পেছনে একাধিক কারণ কাজ করে। তাই প্রযুক্তিকে একমাত্র দায়ী না করে এর ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজন হলে উপযুক্ত সহায়তা নেওয়া জরুরি। কর্মজীবনের দক্ষতা অর্জনে প্রযুক্তিনির্ভর বাধা আমাদের সম্ভাবনার পথকে রুদ্ধ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ডিজিটাল মাধ্যম কাজ সহজ করলেও অতিরিক্ত নির্ভরতা নিজস্ব দক্ষতা বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো কাজ নিজে না করে সব সময় প্রযুক্তির সাহায্য নিলে সমস্যা সমাধান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস দুর্বল হয়। কর্মজীবনে সফল হতে প্রযুক্তির ব্যবহার জানার পাশাপাশি নিজের জ্ঞান ও দক্ষতার চর্চাও জরুরি।

পারিবারিক বন্ধন ও সামাজিক অভিযোজনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই ঘরে থেকেও অনেক সময় প্রত্যেকে নিজ নিজ পর্দায় ব্যস্ত থাকে। ফলে সরাসরি কথা বলা, একসঙ্গে সময় কাটানো ও পারস্পরিক অনুভূতি বোঝার সুযোগ কমে যায়। একইভাবে ভিন্ন মতের মানুষের সঙ্গে মিশে চলার অভ্যাসও বাধাগ্রস্ত হতে পারে। সুস্থ পারিবারিক সম্পর্ক ও সামাজিক দক্ষতা বজায় রাখতে প্রযুক্তির পাশাপাশি বাস্তব যোগাযোগের গুরুত্ব দিতে হবে। প্রযুক্তি মানুষের চিন্তা ও অনুভূতির বিকল্প নয়। এটি মানুষের জীবনকে সহজ ও সমৃদ্ধ করার একটি মাধ্যম মাত্র।

অ্যালগরিদম মানুষের আগ্রহ বুঝে পছন্দসই বিষয়বস্তু সামনে আনতে পারে। তবে কোনটি প্রয়োজনীয় এবং কোনটি জীবনের জন্য মূল্যবান তা নির্ধারণের ক্ষমতা মানুষের নিজের হাতেই থাকা জরুরি। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি নিজের সময় ও মনোযোগের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং স্বাধীন চিন্তার চর্চা বজায় রাখা প্রয়োজন। কারণ প্রযুক্তির প্রকৃত অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন মানুষ প্রযুক্তির দ্বারা পরিচালিত না হয়ে নিজের প্রয়োজন ও বিবেচনা অনুযায়ী প্রযুক্তিকে পরিচালনা করতে শিখবে।

কেএমএএ/আপ্র/১৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত
১৫ নভেম্বর ২০২৬

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত

ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের বিস্তৃত সুযোগ তৈরি করেছ...

অচল হয়ে যাচ্ছে টু-জি সমর্থিত বাটন ফোনসেট
১৫ নভেম্বর ২০২৬

অচল হয়ে যাচ্ছে টু-জি সমর্থিত বাটন ফোনসেট

আগামী তিন বছরের মধ্যে দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে টু-জি প্রযুক্তি বন্ধের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ট...

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্বব...

ভিডিও গেম খেলতে কর্মীদের বেতনসহ ছুটির সিদ্ধান্ত
১৫ নভেম্বর ২০২৬

ভিডিও গেম খেলতে কর্মীদের বেতনসহ ছুটির সিদ্ধান্ত

কর্মক্ষেত্রে ছুটি মানেই সাধারণত বিশ্রাম, পরিবারকে সময় দেওয়া কিংবা ব্যক্তিগত কাজ সেরে নেওয়া। কিন্তু এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই