কর্মক্ষেত্রে ছুটি মানেই সাধারণত বিশ্রাম, পরিবারকে সময় দেওয়া কিংবা ব্যক্তিগত কাজ সেরে নেওয়া। কিন্তু এবার কর্মীদের ছুটি কাটানোর জন্য একেবারে অন্যরকম সুযোগ দিচ্ছে বিশ্বের পরিচিত প্রযুক্তি সংস্থা লজিটেক। সংস্থার প্রায় ৭ হাজার কর্মীকে ভিডিও গেম খেলার জন্য এক দিনের বেতনসহ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিন অফিসের কাজের চিন্তা না করে পছন্দের গেম খেলতে পারবেন কর্মীরা। মজার বিষয় হলো, এই সুবিধা শুধু স্থায়ী কর্মীদের জন্য নয়, ইন্টার্ন এবং চুক্তিভিত্তিক কর্মীরাও এর আওতায় থাকছেন।
কী এই ‘লজি গেম ডে’: কর্মীদের জন্য লজিটেক এই বিশেষ উদ্যোগের নাম দিয়েছে ‘লজি গেম ডে’। সংস্থার ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে গেমিংকে কর্মীদের জন্য আনুষ্ঠানিক ছুটির কারণ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই নিয়মে প্রত্যেক কর্মী নিজের পছন্দমতো একটি দিন বেছে নিতে পারবেন। ওই দিন তিনি অফিসের কোনো কাজ করবেন না, বরং নিজের পছন্দের ভিডিও গেম খেলেই সময় কাটাতে পারবেন। তবে ছুটিটি একসঙ্গে সবাইকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আগামী এক বছরের মধ্যে সুবিধাটি ব্যবহার করার সুযোগ থাকছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছুটির জন্য কর্মীদের আলাদা করে কোনো গেম বেছে দেওয়ার নিয়ম নেই। কেউ চাইলে জনপ্রিয় অ্যাকশন গেম খেলতে পারেন, আবার কেউ রেসিং, স্ট্র্যাটেজি কিংবা অনলাইন মাল্টিপ্লেয়ার গেমেও সময় কাটাতে পারেন। অর্থাৎ, কী খেলবেন, তা সম্পূর্ণ কর্মীদের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করবে।
অফিসেই বসছে গেমিংয়ের আসর: শুধু ব্যক্তিগতভাবে ছুটি কাটানো নয়, কর্মীদের মধ্যে গেমিংয়ের আনন্দ ভাগ করে নিতেও বিশেষ আয়োজন করছে সংস্থাটি। আগামী ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে লজিটেকের আমেরিকা সদর দপ্তরে একটি গেমিং লাইভস্ট্রিম অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কর্মীরা একে অপরের সঙ্গে ভিডিও গেমের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সংস্থার গেমিং ব্র্যান্ড লজিটেক জি এই আয়োজনের দায়িত্বে রয়েছে।
লজিটেকের শীর্ষ কর্মকর্তারাও এই আয়োজন নিয়ে উৎসাহী। সংস্থার চিফ পিপল অফিসার এলেন লেয়ার্ড জানিয়েছেন, কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ গেমিং প্রতিযোগিতায় অংশ নিতে তিনি আগ্রহী। অন্যদিকে, সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার মাত্তেও আনভেরসা তার গেমিং ছুটিতে রেসিং সিমুলেটরে ‘ফোরজা’ খেলার পরিকল্পনা করেছেন।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন লজিটেকের: ভিডিও গেম মানেই সময় নষ্ট, কাজের ক্ষতি কিংবা মনোযোগ নষ্ট হওয়া এমন প্রচলিত ধারণা বদলাতে চাইছে লজিটেক। সংস্থাটির বক্তব্য, সঠিকভাবে গেমিংয়ের সঙ্গে যুক্ত থাকলে বাস্তব জীবনেও বেশ কিছু দক্ষতা বাড়তে পারে। বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান, কৌশল তৈরি এবং চাপের মধ্যে শান্ত থাকার মতো দক্ষতা গেম খেলার মাধ্যমে অনুশীলন করা সম্ভব।
এ বিষয়ে সংস্থার ঈঃৎষ ঞড়সড়ৎৎড়ি গবেষণার কথাও তুলে ধরেছে লজিটেক। ওই সমীক্ষায় অংশ নেওয়া ৮১ শতাংশ গেমার মনে করেন, ভিডিও গেম খেললে বাস্তব জীবনে আত্মবিশ্বাস বাড়ে, উদ্বেগ কমে এবং দৈনন্দিন কাজের দক্ষতা উন্নত হতে পারে। এছাড়া সংস্থার উল্লেখ করা আরেকটি গবেষণায় ৯৮.৮ শতাংশ এন্টারপ্রাইজ আইটি সিদ্ধান্ত গ্রহণকারী জানিয়েছেন, গেমিংয়ের মাধ্যমে অর্জিত দক্ষতা কর্মক্ষেত্রেও কাজে লাগে। তবে এগুলো মূলত অংশগ্রহণকারীদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামতভিত্তিক ফলাফল, সরাসরি কর্মদক্ষতা বৃদ্ধির চূড়ান্ত প্রমাণ নয়।
লজিটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যানেকে ফ্যাবার মনে করেন, কাজ আর বিনোদনকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার সময় শেষ। তার মতে, একদিকে কাজের অভিজ্ঞতা যেমন দক্ষতা বাড়ায়, অন্যদিকে খেলাধুলা ও গেমিংও নতুনভাবে চিন্তা করতে এবং সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।
এঞঅ ঠও ঘিরে বাড়ছে ছুটির চাহিদা: লজিটেকের এই ঘোষণার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ভিআই (এঞঅ ঠও)’। দীর্ঘ অপেক্ষার পর গেমটির নতুন সংস্করণ আসতে চলায় বিশ্বজুড়ে গেমারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এইচআর সফটওয়্যার সংস্থা বাম্বুএইচআর-এর তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বরের জন্য ছুটির আবেদন গত কয়েক বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, বেতনভুক্ত চাকরিজীবীদের ১৮ শতাংশ নতুন গেম প্রকাশের দিন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। এমন পরিস্থিতিতে কর্মীদের লুকিয়ে ছুটি নেওয়া বা অসুস্থতার অজুহাত দেখানোর পরিবর্তে আনুষ্ঠানিকভাবেই গেম খেলার সুযোগ করে দিচ্ছে লজিটেক। তবে কর্মীদের ১৯ নভেম্বরই ছুটি নিতে হবে এমন নয়। তারা চাইলে পরবর্তী বছরেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
গেমিং কি ভবিষ্যতে কর্মক্ষেত্রের সংস্কৃতি বদলাবে: লজিটেকের এই উদ্যোগ কর্মক্ষেত্রে বিনোদন ও মানসিক স্বস্তির গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এত দিন যেখানে কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কাজের সময় ও লক্ষ্যমাত্রার ওপর জোর দেওয়া হতো, সেখানে এবার বিশ্রাম ও ব্যক্তিগত আগ্রহকেও গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, কাজের পাশাপাশি বিনোদনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া কর্মীদের মানসিক চাপ কমাতে এবং কাজে নতুন উদ্যম নিয়ে ফিরতে সাহায্য করতে পারে। যদিও একটি সংস্থার এমন উদ্যোগ থেকেই সব কর্মক্ষেত্রে একই ধরনের নীতি চালু হবে, তা বলা যায় না।
প্রায় ৭ হাজার কর্মীকে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রমী। ভবিষ্যতে অন্য প্রযুক্তি সংস্থাগুলোও কর্মীদের ব্যক্তিগত আগ্রহ ও বিনোদনকে এভাবে গুরুত্ব দেয় কি না, এখন সেটাই দেখার।
কেএমএএ/আপ্র/১৫.১১.২৬