পার্থে মাত্র ১৩১ রানে গুটিয়ে যাওয়ার দুই দিন পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। টম বেন্টনের দুর্দান্ত সেঞ্চুরিতে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়েছে সফরকারীরা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে।
বুধবার হোবার্টে হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। রোববার আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ২২০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২১ রান করেন বেন্টন। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
তাকে দারুণ সঙ্গ দেন জো রুট, জর্ডান কক্স ও উইল জ্যাকস। রুট করেন ৬২, কক্স ৬৭ এবং জ্যাকস অপরাজিত থাকেন ৫৪ রানে। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘পুরো ইনিংসেই আমাদের মনে হয়েছে, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে।
প্রতিপক্ষের বাজে বলগুলো কাজে লাগিয়েছি এবং প্রয়োজনের সময় তাদের চাপে রেখেছি। বেন্টন দুর্দান্ত ইনিংস খেলেছে। আমাদের ব্যাটিংয়ের গভীরতা থাকায় ৩৫০ রানের বড় সংগ্রহ গড়া সম্ভব হয়েছে।’ অ্যাডিলেডে ব্যাটিংয়ের জন্য তুলনামূলক ভালো উইকেটে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
শুরুতেই ১৯ রানে বেন ডাকেটকে হারায় সফরকারীরা। তবে এরপর বেন্টন ও রুট মিলে দারুণ জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে তাদের ১৩৭ রানের জুটি অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড। রুট আউট হওয়ার পর দ্রুত ফিরে যান অধিনায়ক ব্রুকও।
তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। তবে জর্ডান কক্স ও উইল জ্যাকস দলের রানের গতি ধরে রাখেন। শেষ দিকে গাস অ্যাটকিনসন জ্যাক এডওয়ার্ডসের শেষ ওভারে টানা দুটি ছক্কা হাঁকান। ওই ওভারে আসে ১৮ রান। তাতে ৩৫৫ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।
জবাবে শুরু থেকেই ধুঁকেছে অস্ট্রেলিয়া। গাস অ্যাটকিনসন ও সনি বেকারের বোলিং তোপে ৭ ওভারের মধ্যে ২৯ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। অ্যাটকিনসনের শিকার হন ট্রাভিস হেড, কুপার কনোলি ও জশ ইংলিস। অন্যদিকে বেকারের বলে দারুণ ক্যাচে মার্শকে ফেরান রুট।
হেডের ক্যাচটিও নেন রুট, প্রথম স্লিপে। কনোলিকে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ব্রুকের হাতে। এরপর ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনই শুরুতে ক্যাচ দিয়ে বেঁচে যান। পরে রেনশ করেন ৬৩ এবং গ্রিন ৬৪ রান।
তবে প্রয়োজনীয় রানরেট অনেক বেশি থাকায় তাদের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের পথে ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত জোফরা আর্চারের নিখুঁত ইয়র্কারে স্পেনসার জনসন বোল্ড হলে ২২০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের হয়ে অ্যাটকিনসন ২৭ রানে নেন ৪ উইকেট।
বেকারের শিকার ৪৩ রানে ১ উইকেট। ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ বলেন, ‘৩৫০ রান তাড়া করতে নামলে প্রথম বল থেকেই প্রচণ্ড চাপে থাকতে হয়। এই রান তাড়া করার সুযোগ তৈরি করতে হলে আমাদের টপ অর্ডারের প্রথম চার ব্যাটারের মধ্যে অন্তত দুজনকে ভালো ভিত্তি গড়ে দিতে হতো।’
ডিসি/আপ্র/১৫/১১/২০২৬