খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসের কর্মীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসের ভেতরে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার চলন্ত বাসে লাফ দিয়ে ওঠেন। এ সময় বাসের হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জিগাতলা এলাকায় বাসের কর্মীরা লাথি মেরে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
পরে বাসের ভেতরে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় খিয়ারজুম্মা বাজারে বাসটি আটকানো হয়। এ সময় বাসচালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসচালক আবির হোসেন (২৬) ও হেলপার শফিকুল ইসলামকে (২৮) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আবির হোসেন বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে এবং শফিকুল ইসলাম মৃত আবদুল জয়নালের ছেলে।
সানা/আপ্র/১৫/১১/২০২৬