আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় পাঁচ হাজারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ১৭টি ইবোলা প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে। এর মধ্যে বর্তমান প্রাদুর্ভাবটিই সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে সরকারি তথ্য।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
গত মে মাসে ইবোলার প্রাদুর্ভাবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর দেশটির ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং রোগীদের পৃথক রাখার ব্যবস্থাও পর্যাপ্ত নয়। নতুন আক্রান্তদের প্রায় ৮০ শতাংশই স্বাস্থ্য নজরদারির বাইরে শনাক্ত হচ্ছেন।
এদিকে বেতন বকেয়া থাকায় স্বাস্থ্যকর্মীদের বারবার ধর্মঘটে যেতে হচ্ছে। ইবোলা মোকাবিলায় বরাদ্দ ৭০০ মিলিয়ন ডলারের বেশি অর্থের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। শিশুদের মধ্যে মৃত্যুহারও উদ্বেগজনক। গত ৪ নভেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট মৃত্যুর ৩৫ শতাংশই ছিল শিশু।
পূর্ব কঙ্গোতে সশস্ত্র সংঘাত এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভাইরাসটি নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। ফলে আফ্রিকার অন্যান্য দেশেও সংক্রমণ বিস্তারের আশঙ্কা বাড়ছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
এসি/আপ্র/১৫/১১/২০২৬