ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কানাডা থেকে ভারতের রাজস্থানে গিয়েছিলেন ৬১ বছর বয়সী এক নারী। কিন্তু ভারতে পৌঁছানোর পর নারীর বয়স জানতেই বিয়েতে অস্বীকৃতি জানান তাঁর হবু বর। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হলে শেষ পর্যন্ত কানাডার দূতাবাসের দ্বারস্থ হন ওই নারী।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানায়। বিয়ের পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে ওই নারী কানাডার দূতাবাসে যোগাযোগ করেন। পরে দূতাবাসের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ডেটিং অ্যাপে পরিচয়, এক বছর ধরে সম্পর্ক
নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বরাত দিয়ে জানা গেছে, ওই নারীর সঙ্গে হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিনের পরিচয় হয় প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
সেই পরিকল্পনা অনুযায়ী, পর্যটক ভিসায় ভারতে আসেন কানাডীয় ওই নারী। গত ১১ নভেম্বর দিল্লিতে পৌঁছালে বিমানবন্দর থেকে তাঁকে গ্রহণ করেন নিতিন। পরে তাঁকে রাজস্থানের নিমরানায় নিয়ে যান তিনি। সেখানে নিতিনের চাচা ও চাচির একটি ফ্ল্যাটে ওঠেন তাঁরা।
পুলিশ জানায়, ওই আবাসিক এলাকায় নিতিনের সঙ্গে দুই দিন অবস্থান করেন নারী। এ সময় বিয়ে নিয়েও তাঁদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু নারীর বয়স প্রায় ৬১ বছর—এ তথ্য জানার পর পরিস্থিতি পাল্টে যায়। এরপর বিয়েতে অস্বীকৃতি জানান নিতিন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
দূতাবাসের যোগাযোগের পর পুলিশি জিজ্ঞাসাবাদ
বিরোধের জেরে গত শুক্রবার (১৩ নভেম্বর) কানাডার দূতাবাসে যোগাযোগ করে পুরো ঘটনা জানান ওই নারী। দূতাবাসের কাছ থেকে তথ্য পেয়ে নিমরানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিতিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, কানাডীয় ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়েছে কোটপুতলির একটি কেন্দ্রে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিতিন হরিয়ানার পানিপথের বাসিন্দা এবং একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/১৫/১১/২০২৬