গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন
ছবি

ছবি সংগৃহীত

যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকেরা, সেই খোসাই এখন হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। রংপুরের মিঠাপুকুরে ফেলে দেওয়া ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্য তৈরি করে বদলে যাচ্ছে প্রান্তিক নারীদের জীবন।

সংসারের কাজের ফাঁকে হস্তশিল্প তৈরি করে কেউ মেটাচ্ছেন পরিবারের খরচ, কেউ চালাচ্ছেন সন্তানের পড়াশোনা, আবার কেউ হচ্ছেন স্বাবলম্বী। একই সঙ্গে ভুট্টার খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকেরাও। কৃষিবর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা।

উপজেলার বলদিপুকুর ও আশপাশের এলাকায় এই হস্তশিল্পের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অনেক নারী। তাঁদের সুনিপুণ হাত ও উদ্ভাবনী চিন্তায় ভুট্টার খোসা থেকে তৈরি হচ্ছে দুই শতাধিক ধরনের আকর্ষণীয় পণ্য। এর মধ্যে রয়েছে ফুলদানি, হাতব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, রান্নাঘরের ঝুড়ি, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও গয়নার বাক্স।

বৈচিত্র্যময় পণ্য উৎপাদন, নারীদের কর্মসংস্থান, কৃষকদের বাড়তি আয় এবং রপ্তানির সম্ভাবনার কারণে ভুট্টার খোসার কদর বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও এ হস্তশিল্পের প্রসার ও বিকাশে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

প্রান্তিক নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বিতা

ভুট্টার খোসা দিয়ে হরেক রকম পণ্য তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা। এ কাজে এলাকার সাঁওতাল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ার মতো। অনেকেই এই উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন। তাঁদের একজন আদুরী ঋষি। তাঁর স্বামী দিনমজুর হওয়ায় অভাবের সংসারে আর্থিক সংকট ছিল। হস্তশিল্প তৈরির কাজ শিখে অবসর সময়ে পণ্য তৈরি করছেন তিনি। এতে সংসারে কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছে।

হাওয়া বেগম জানান, তিনি ও তাঁর মেয়ে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। এখন এসব পণ্য বিক্রি করে তাঁরা নিজেরাই আয় করছেন। এ কাজের উপার্জন দিয়ে সংসারের খরচও চালাতে পারছেন।

দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, ‘আমরা সাধারণত রাতে এই কাজ করি। দিনের বেলায় স্বামী-সন্তান ও পরিবারের কাজ করি। রাতে অবসরে নিজের ঘরে বসে কাজ করি। এই কাজ থেকে যে টাকা পাই, তা দিয়ে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাই। পাশাপাশি সংসারের খরচও মেটাতে পারি।’

একই এলাকার বুল্লি টপ্পো পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন এই কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারেন। পরিবারের কাছ থেকে আর টাকা নিতে হয় না।

ফেলনা খোসা বিক্রি করে বাড়তি আয় কৃষকদের

আগে ভুট্টার খোসা মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। তবে আধুনিক চুলা ও গ্যাসের ব্যবহার বাড়ায় খোসার প্রচলিত ব্যবহার কমে গেছে। বিকল্প ব্যবহারের সুযোগ না থাকায় অনেক ভুট্টাচাষি এসব খোসা নিয়ে বিপাকে পড়তেন। এখন খোসা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হওয়ায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। বর্তমানে তাঁরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন।

উপজেলার ভুট্টাচাষি রানা ও মোজাম্মেল হক জানান, খোসা বিক্রির অর্থ দিয়ে চাষাবাদের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা সংগ্রহের শ্রমিকের মজুরি সহজেই মেটানো যাচ্ছে।

আরেক কৃষক আবু বকর জানান, আগে ভুট্টার খোসা খড়কুটোর মতো ব্যবহার করতেন। এখন তাঁর পরিবার খোসাগুলো যত্ন করে বস্তায় ভরে রাখে। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়ে এসব খোসা বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে।

উদ্যোক্তাদের স্বপ্ন ও রপ্তানির সম্ভাবনা

উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নিউট্রিসাইকেল বায়োসলিউশন’-এর নুর ইসলাম নাঈম জানান, তাঁরা এ প্রকল্প উত্তরবঙ্গজুড়ে ছড়িয়ে দিতে চান। বর্তমানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও বহুজাতিক কোম্পানি তাঁদের তৈরি পণ্য কিনছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এসব পণ্যের চাহিদাও রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব।

তিনি আরো বলেন, পরিবেশবান্ধব পণ্য তৈরির ভাবনা থেকেই তাঁদের এ উদ্যোগ। তাঁর দাবি, প্রতিদিন মানুষ একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ ক্ষুদ্র প্লাস্টিক কণা গ্রহণ করে। সরকারি সহযোগিতা পেলে এ উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বাড়বে কর্মসংস্থান

জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির উদ্যোগটি অনুকরণীয়। যথাযথ প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।

তিনি বলেন, এ উদ্যোগের ফলে একদিকে কৃষিবর্জ্যের ব্যবহার বাড়বে, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সহযোগিতার আশ্বাস প্রশাসনের

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি তাঁদের কার্যক্রম পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে
১৫ নভেম্বর ২০২৬

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এ...

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাট...

খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ
১৪ নভেম্বর ২০২৬

খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাইখান ওরফে রাইহান (৩২) নামে এক যুবকের মরদেহ...

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা
১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই