জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন কার্যক্রম এবং কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের বছরে ১০ থেকে ১১ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ আন্তর্জাতিকভাবে অর্থায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাস্তবে তার প্রতিফলন পর্যাপ্ত নয়। এ অবস্থায় উন্নত দেশগুলোর প্রতি দ্রুত অর্থ ছাড় এবং অনুদানভিত্তিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব উৎস থেকে বছরে আনুমানিক ৪ দশমিক ৫ থেকে ৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিপুল বিনিয়োগের তুলনায় এ ব্যয় যথেষ্ট নয়।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) উপলক্ষে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশের প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর আলোচনায় জলবায়ু অর্থায়ন অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু অর্থায়নে অর্থ দেওয়ার যে প্রতিশ্রুতি এসেছে, বাস্তবে অর্থ ছাড়ের ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
বাংলাদেশের প্রতিনিধিদল আন্তর্জাতিক অর্থায়ন আরো সহজলভ্য করার পাশাপাশি অনুদানভিত্তিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে। তাদের বক্তব্য, জটিল অনুমোদন প্রক্রিয়া ও অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতার কারণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকা জনগোষ্ঠীর কাছে আর্থিক সহায়তা পৌঁছাতে হবে। দীর্ঘ অর্থায়ন প্রক্রিয়ায় আটকে থাকলে এ সহায়তার উদ্দেশ্য পূরণ হবে না।
জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচি নিয়ে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে কার্বন ব্রিফের এক প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের এক সদস্য বলেন, অর্থায়নের দায়িত্ব কার এবং কীভাবে সেই অর্থ বণ্টন করা হবে, সে বিষয়ে আরো স্পষ্ট ধারণা প্রয়োজন। নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ তুলে ধরে তিনি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে পারে, এমন অর্থায়নব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার চায় স্বল্পোন্নত দেশগুলো: জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে পাওয়া অর্থের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ।
লিখিত বিবৃতিতে বাংলাদেশ এলডিসি গ্রুপের একটি দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এতে ২০৩৫ সালের আগে অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে উন্নত দেশগুলোকে বিদ্যমান জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ এবং অনুদানভিত্তিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে এ সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ ও সরাসরি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতীয় অভিযোজন পরিকল্পনার অগ্রাধিকারগুলোর সঙ্গে সম্ভাব্য অর্থদাতা ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করতে একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে এলডিসি গ্রুপ। দেশগুলোর জলবায়ু পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমানোই এ উদ্যোগের লক্ষ্য।
অভিযোজনবিষয়ক বৈশ্বিক লক্ষ্য প্রসঙ্গে বাংলাদেশ বলেছে, প্রস্তাবিত ‘বেলেম অ্যাডাপটেশন ইন্ডিকেটরস’ জলবায়ু সহনশীলতার অগ্রগতি পরিমাপের কার্যকর উপায় হতে পারে। তবে এ জন্য উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি প্রতিবেদন তৈরির বাধ্যবাধকতা চাপানো উচিত নয়।
স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রমের জন্য আরো আর্থিক ও কারিগরি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়েছে।
ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে অর্থ অপর্যাপ্ত: জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলেও অর্থের স্বল্পতা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। প্রতিনিধিদলের বক্তব্য, বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া প্রস্তাবের বিপরীতে তহবিলে যে অর্থ রয়েছে, তা প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।
এ তহবিলে অর্থের জোগান বাড়ানো, সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোতে দ্রুত অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
প্রতিনিধিদল বলেছে, অর্থায়নের আওতায় অবকাঠামো ও জীবিকার ক্ষতির মতো অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি এবং সাংস্কৃতিক ও সামাজিক সম্পদের ক্ষতির মতো অনর্থনৈতিক বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে।
লিখিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে ৩০ মিলিয়ন ডলার করে পাওয়ার প্রত্যাশী প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
প্রত্যাশিত এ অর্থায়নের অগ্রাধিকার খাত হিসেবে উপকূলীয় অবকাঠামো এবং জলবায়ু সহনশীল কৃষিকে চিহ্নিত করা হয়েছে।
জলবায়ুর অজুহাতে বাণিজ্য বাধা তৈরির বিরোধিতা: জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে একতরফাভাবে নেওয়া বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপ নিয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম)।
প্রতিনিধিদলের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোর ব্যবসা, শ্রমিক ও রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এতে এসব দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
কপ৩১-এর সিদ্ধান্তে বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের এক সদস্য বলেন, জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ বেশি ভূমিকা রেখেছে, সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার দায়িত্বও তাদের নিতে হবে।
তিনি বলেন, জলবায়ুনীতির কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন বাণিজ্য বাধা তৈরি করা উচিত নয়। এসব দেশকে এমনিতেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং পরিচ্ছন্ন উৎপাদনব্যবস্থায় রূপান্তরের ব্যয় বহন করতে হচ্ছে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর শিশুদের সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে কপ সম্মেলনের আলোচনায় আলাদা কোনো অর্থায়ন রয়েছে কি না, তা নিয়েও সাংবাদিকেরা প্রশ্ন করেন।
জবাবে প্রতিনিধিদলের এক সদস্য বলেন, শুধু শিশুদের জন্য নির্দিষ্ট কোনো অর্থায়নের দাবি সম্পর্কে তিনি অবগত নন। তবে স্বাস্থ্যসেবা জোরদারে চলমান উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।
জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী কীভাবে উপকৃত হচ্ছে, এমন প্রশ্নে প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক আলোচনার ফলে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সংকট হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। পাশাপাশি দেশগুলোকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরিতে উৎসাহিত করেছে এসব আলোচনা। তবে পরিকল্পনা বাস্তবায়ন এখনো বড় চ্যালেঞ্জ।
নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা: বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এরপরও হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান অনুযায়ী নিঃসরণ কমানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।
বাংলাদেশের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব উদ্যোগে স্বাভাবিক ধারার পূর্বাভাসের তুলনায় ৬ দশমিক ৩৯ শতাংশ নিঃসরণ কমানো হবে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরো ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
২০৩০ সাল পর্যন্ত মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম বাড়ানোর প্রস্তাবেও সমর্থন জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তাসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধিদল বলেছে, কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়া হতে হবে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক। এ ক্ষেত্রে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি কর্মসংস্থান সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জলবায়ু অর্থায়ন নিয়ে আরো কার্যকর সিদ্ধান্ত আদায়ে কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে এলডিসি গ্রুপ, জি৭৭ ও চীন এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ।
ঢাকার কাছে এখন মূল চ্যালেঞ্জ শুধু নতুন অর্থায়নের প্রতিশ্রুতি আদায় নয়, বরং সেই অর্থ জলবায়ু সংকটের সবচেয়ে বেশি শিকার দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করা। অথচ এ সংকট তৈরিতে তাদের অবদান তুলনামূলকভাবে খুবই কম।
সানা/আপ্র/১৪/১১/২০২৬