তারেক মাহমুদ: তীব্র জনবল সংকট, বিপুল পরিমাণ বকেয়া ঋণ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সার্টিফিকেট মামলা নিয়ে ধীরগতিতে চলছে লক্ষ্মীপুর জেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যক্রম। জেলায় মাঠপর্যায়ে ১৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি ঋণ বকেয়া পড়ে রয়েছে। এসব অর্থ আদায়ে ১৫৭টি সার্টিফিকেট মামলা চলমান থাকলেও সেগুলোর নিষ্পত্তি ও অর্থ আদায়ে প্রত্যাশিত অগ্রগতি নেই।
জেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে সমবায় কার্যক্রম শক্তিশালী করতে বর্তমানে ৯৩৫টি নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতি এবং পাঁচটি কেন্দ্রীয় সমবায় সমিতি সক্রিয় রয়েছে। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করতে বিআরডিবির অধীনে মাঠপর্যায়ে কাজ করছে ৬৩৮টি স্বীকৃত দল। এসব সমিতি ও দলের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতেও ভূমিকা রাখছে সংস্থাটি। গত এক বছরে জেলার ১৬০ জন কৃষককে আধুনিক কৃষিপ্রযুক্তি, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন পেশাগত বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বকেয়া অর্থ আদায় করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংস্থাটি। বর্তমানে জেলায় বিআরডিবির মোট বকেয়া ঋণের পরিমাণ ১৮ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকা। ঋণখেলাপি সদস্যের সংখ্যা ৫ হাজার ৭৮৭ জন। এসব অর্থ সরকারি কোষাগারে ফেরত আনতে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ৩০ লাখ ৪৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ১৫৭টি সার্টিফিকেট মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব অর্থ দ্রুত আদায় করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনবল সংকট। জেলা বিআরডিবিতে অনুমোদিত রাজস্ব পদের সংখ্যা ২০টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে ১১টি পদ শূন্য রয়েছে। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম জনবল নিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের।
বিআরডিবির কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে জেলার পল্লী অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও সমবায় কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নেও কার্যক্রমের ইতিবাচক প্রভাব বাড়বে।
জেলা বিআরডিবির উপপরিচালক কাজী মাহমুদ হাসান বলেন, জনবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবহিত রয়েছে। চলমান আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বকেয়া ঋণ দ্রুত আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যাগুলোর সমাধান হলে লক্ষ্মীপুরের গ্রামীণ অর্থনীতির চাকা আরো সচল ও বেগবান করা সম্ভব হবে। এ ছাড়া চলতি বছর কৃষকদের দক্ষতা বাড়াতে ৩৬০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সানা/আপ্র/১৫/১১/২০২৬