গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ডায়াবেটিসের বিস্তার রুখতে চাই জাতীয় সচেতনতা

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৮:৪১ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
ডায়াবেটিসের বিস্তার রুখতে চাই জাতীয় সচেতনতা
ছবি

ছবি সংগৃহীত

প্রযুক্তির অভাবনীয় অগ্রগতিতে মানুষের জীবন যত সহজ হচ্ছে, ততই সংকুচিত হচ্ছে শারীরিক পরিশ্রমের পরিসর। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমনকি বিনোদনেও যন্ত্রনির্ভরতা মানুষের দৈনন্দিন জীবনকে অনেকটাই বসে থাকার অভ্যাসে বন্দি করেছে। শারীরিক শ্রম কমেছে, বিপরীতে বেড়েছে মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাপন। এমন বাস্তবতায় ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের বিস্তার অপ্রত্যাশিত নয়। কিন্তু উদ্বেগের বিষয় হলো, জীবনযাত্রার এই পরিবর্তনকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করলেও এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি না। অথচ সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্যকর জীবনযাপনের সম্মিলিত চর্চাই পারে ডায়াবেটিসের বিস্তার ও ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমাতে।

বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ আমাদের সেই জরুরি দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা একবার শনাক্ত হলে সাধারণত সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত অবস্থায় এ রোগ হৃদরোগ, হৃদ্যন্ত্রে আকস্মিক আক্রমণ, স্ট্রোক, কিডনি বিকলতা, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণ হতে পারে। সংক্রমণ ও পায়ের টিস্যুতে পচন ধরে কোনো কোনো ক্ষেত্রে অঙ্গচ্ছেদের প্রয়োজনও দেখা দেয়। অর্থাৎ ডায়াবেটিস শুধু একটি রোগ নয়; যথাযথ ব্যবস্থাপনার অভাবে এটি মানুষের স্বাভাবিক জীবন, কর্মক্ষমতা ও আয়ুষ্কালের জন্য বড় হুমকি।

আরো উদ্বেগজনক হলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ এখন আর শুধু বয়স্ক জনগোষ্ঠীর সমস্যা নয়। অল্পবয়সীরাও এসব জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং খেলাধুলার সুযোগ কমে যাওয়ার প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। নগরায়ণের চাপে একদিকে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান হারিয়ে যাচ্ছে, অন্যদিকে অতিরিক্ত পড়ালেখার চাপ শিশুদের অবসর ও খেলাধুলার সময় কেড়ে নিচ্ছে। অথচ শৈশব থেকেই নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস গড়ে না উঠলে পরবর্তী জীবনে নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই শিশুদের সুস্থ বিকাশের স্বার্থে মাঠ সংরক্ষণ এবং বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।

এ সংকট মোকাবিলার প্রথম পদক্ষেপ হতে হবে ব্যক্তিগত ও পারিবারিক জীবনযাত্রায় পরিবর্তন। প্রতিদিন সকাল, বিকেল কিংবা সন্ধ্যায় হাঁটা, দৌড়, সাইকেল চালানো বা খেলাধুলার জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে। খোলা মাঠ, পার্ক কিংবা নিরাপদ উন্মুক্ত স্থানে নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের অভ্যাস গড়ে তুলতে হবে। খাবারের ক্ষেত্রে পরিমিতি, পুষ্টিগুণ ও বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস পরিহার করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি পরিবারের সহযোগিতা ও সচেতন পরিবেশও গুরুত্বপূর্ণ।

তবে ব্যক্তিগত সচেতনতার ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই। সরকারকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রভিত্তিক স্বাস্থ্যশিক্ষার কার্যকর কর্মসূচি নিতে হবে। বয়স ও স্বাস্থ্যাবস্থা অনুযায়ী খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও দৈনন্দিন জীবনযাপনের বিজ্ঞানসম্মত নির্দেশিকা তৈরি করে দেশব্যাপী প্রচার করতে হবে। বিদ্যালয়ে পুষ্টিকর খাবার, নিয়মিত খেলাধুলা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনায় মাঠ, পার্ক, হাঁটার পথ ও উন্মুক্ত স্থান সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহজলভ্য করতে হবে।

প্রযুক্তিও এ ক্ষেত্রে কার্যকর সহায়ক হতে পারে। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা, খাবার, ওষুধ গ্রহণ ও শারীরিক কর্মকাণ্ডের হিসাব রাখা সম্ভব। তবে এসব অ্যাপ চিকিৎসার বিকল্প নয়; অ্যাপের তথ্যের ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ইনসুলিনের মাত্রা পরিবর্তন করাও বিপজ্জনক।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীতে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এখন প্রয়োজন এসব আহ্বানকে কার্যকর রাষ্ট্রীয় কর্মপরিকল্পনায় রূপ দেওয়া। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে সরকার, চিকিৎসক, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করা যেতে পারে।

একটি সুস্থ জনগোষ্ঠীই উন্নত, কর্মক্ষম ও সমৃদ্ধ রাষ্ট্রের প্রধান ভিত্তি। তাই ডায়াবেটিস প্রতিরোধকে শুধু স্বাস্থ্য খাতের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না; একে জাতীয় সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সুস্থতাই জীবনের সবচেয়ে বড় নিয়ামত-এই বিশ্বাসকে বাস্তব অভ্যাসে রূপ দিতে হবে। 
তাই আর হেলাফেলা নয়, আজ থেকেই শুরু হোক সচেতন খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, খেলাধুলা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা। সুস্থ জাতি গঠনের এই উদ্যোগে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রকে একই লক্ষ্যে এগিয়ে আসতেই হবে।
সানা/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোটরবাইকের লাগামহীন বিস্তার, সড়কে মৃত্যুর মিছিল
১৪ নভেম্বর ২০২৬

মোটরবাইকের লাগামহীন বিস্তার, সড়কে মৃত্যুর মিছিল

মোটরবাইক এখন অনেকের কাছে দ্রুত যাতায়াতের বাহন, কারো কাছে স্বাধীনতার অনুভূতি, আবার কিশোর-তরুণের একাংশ...

সুস্থভাবে বাঁচতে জীবনযাত্রার সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ জরুরি
১৩ নভেম্বর ২০২৬

সুস্থভাবে বাঁচতে জীবনযাত্রার সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ জরুরি

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূ...

প্রতিহিংসার রাজনীতি রুখে স্থিতিশীলতা ফেরানো জরুরি
১৩ নভেম্বর ২০২৬

প্রতিহিংসার রাজনীতি রুখে স্থিতিশীলতা ফেরানো জরুরি

রাজনীতির উত্তাপ যখন রাজপথ ছাড়িয়ে জনজীবনকে অনিরাপদ করে তোলে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মা...

রাজনৈতিক আগুনে যেন জননিরাপত্তা ও গণতন্ত্র না পোড়ে
১১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক আগুনে যেন জননিরাপত্তা ও গণতন্ত্র না পোড়ে

বাংলাদেশের রাজনীতিতে আবারো অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই