দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আয়-ব্যয়ের অসামঞ্জস্য এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ভার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এক সময় যে পরিবারে প্রতিদিনের খাবারের তালিকায় মাছ, মাংস, ডিম ও নানা ধরনের সবজি থাকত, এখন সেই পরিবারের অনেককেই ভাত ও সামান্য সবজি খেয়ে দিন কাটাতে হচ্ছে। মাছ-মাংস খাওয়া যেন সাধারণ মানুষের কাছে বিলাসী স্বপ্নে পরিণত হয়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। সীমিত আয়ের মানুষ বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল, যাতায়াত ও চিকিৎসার খরচ মেটানোর পর খাবারের জন্য পর্যাপ্ত অর্থ রাখতে পারছেন না। ফলে বাধ্য হয়ে খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাবার বাদ দিতে হচ্ছে; বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। শুধু পেট ভরে ভাত খেলেই মানুষের পুষ্টির চাহিদা পূরণ হয় না। সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূলসহ সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে এসব খাবার অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষের শারীরিক সক্ষমতা, কর্মক্ষমতা ও সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
বলা বাহুল্য, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় ও উৎপাদন খরচের প্রভাব থাকলেও দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা এবং বাজার তদারকির ঘাটতিও কম দায়ী নয়। অনেক সময় কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। অথচ ভোক্তাকে সেই পণ্য কিনতে হয় কয়েক গুণ বেশি দামে। কোথাও কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর প্রবণতাও দেখা যায়। এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শুধু বাজারে লোকদেখানো অভিযান চালিয়ে কিংবা দাম নিয়ন্ত্রণের আশ্বাস দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থার ওপর নজরদারি এবং সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম বাড়াতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন ও মজুরি বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, মানুষের আয় না বাড়িয়ে শুধু বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে জীবনযাত্রার সংকট দূর করা কঠিন।
আমরা মনে করি, একটি দেশের উন্নয়নের প্রকৃত চিত্র ফুটে ওঠে সাধারণ মানুষের জীবনযাত্রার মানে। বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানের পাশাপাশি মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে কি না, পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে কি না এবং সন্তানদের শিক্ষিত করার সামর্থ্য রাখছে কি না- তা বিবেচনায় নেওয়া জরুরি। যে দেশের সাধারণ মানুষ মাছ-মাংস কেনার আগে বহুবার চিন্তা করতে বাধ্য হয়, ওই দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকারের নীতিনির্ধারকদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে; বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বাস্তবসম্মত সহায়তা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। মানুষের প্রত্যাশা বিলাসী জীবন নয়। তারা চায় পরিবারের সদস্যদের মুখে দু’বেলা পুষ্টিকর খাবার তুলে দিতে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে। ভাত ও সবজি খেয়ে দিন কাটানো যদি কারো পছন্দের খাদ্যাভ্যাস হয়, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু অর্থাভাবে মাছ-মাংস কেনার সামর্থ্য না থাকা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। সাধারণ মানুষের এই অসহায়ত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আমাদের প্রত্যাশা, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য জীবনযাত্রার সংকট দূরীকরণে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেবেন সরকার।
কেএমএএ/আপ্র/১২.১১.২৬