সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পবিত্র মক্কা অঞ্চলের দুটি স্থানে পড়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।
বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। তাদের প্রতিবেদনে বলা হয়, মক্কা শরিফ থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মুগাম্মাস এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ওই অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো আকাশেই ধ্বংস করা হয়।
মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় হামলার চেষ্টা চালানোর অভিযোগ সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে করে আসছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে হুতিরা। তাদের দাবি, সৌদি আরবের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের হামলার মূল লক্ষ্য।
বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স বলেছে, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ঘটনা হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও শত্রুতাপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে দেশটির সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।
জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা কমে আসে। তবে চলতি বছর ইরান যুদ্ধের প্রভাবে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হয়।
বর্তমানে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের হুতি অবস্থান ও স্থাপনাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। জবাবে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। এতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ডিসি/আপ্র/১২/১১/২০২৬