ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির নতুন প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ।
বৃহস্পতিবার তুষারপাতের মধ্যে মস্কোর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। দিনের প্রথম ভাগে ক্রেমলিনে পুতিনের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। উইটকফের সঙ্গে এটি পুতিনের দশম সরাসরি বৈঠক।
এর আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দিনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বুধবার শেষ হয়েছে। বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে নয় মাসের মধ্যে এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি আলোচনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও আলোচনার প্রধান বিষয়গুলোতে রাশিয়া ও ইউক্রেনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ভূখণ্ড নিয়ে বিরোধের সমাধান হয়নি। শান্তিচুক্তির শর্ত হিসেবে পূর্বাঞ্চলীয় পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
ভূখণ্ড নিয়ে অচলাবস্থার মধ্যে মার্কিন মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউক্রেনের পুনর্গঠন নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে পারে রাশিয়া। বুধবার দেশটির এক জ্যেষ্ঠ কূটনীতিক এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
তবে ইউরোপীয় রাজনীতিবিদেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনে বাস্তব অগ্রগতি ছাড়া ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।