বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় বাড়তি আকর্ষণ। এবার দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে ভক্তদের মাতিয়ে দিলেন এই সুপারস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘শাহরুখজ রেসিডেন্সেস’। শাহরুখের নামের সঙ্গে মিল রেখে তৈরি ৫৬ তলাবিশিষ্ট এই ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং শাহরুখ খান।
অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকাকে এভাবে নাচতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক ও ভক্তরা। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘তু মিল যায়ে’ গানটি। এতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুজনের রসায়ন, প্রেমের আবহ ও আকর্ষণীয় সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।
তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার আভাসও। সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের ইঙ্গিতও পাওয়া যায়। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর কথা।
শাহরুখ অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যেই দুবাইয়ের অনুষ্ঠানে তার নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ডিসি/আপ্র/১২/১১/২০২৬