সমবায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এমন একটি কার্যকর পদ্ধতি, যেখানে ব্যক্তির ক্ষুদ্র সামর্থ্য সম্মিলিত প্রচেষ্টায় বৃহৎ শক্তিতে পরিণত হয়। এককভাবে যে উন্নয়ন অর্জনে একজন মানুষের দীর্ঘ সময় লেগে যেতে পারে, পারস্পরিক আস্থা, বিশ্বাস, সততা ও সহযোগিতার ভিত্তিতে কয়েকজন মানুষ একত্র হলে সেই লক্ষ্য অনেক সহজে অর্জন করা সম্ভব। শুধু ব্যক্তির অর্থনৈতিক মুক্তি নয়, সামাজিক সংহতি, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়ও সমবায়ের ভূমিকা অনন্য। অথচ বাংলাদেশের সমবায় আন্দোলন আজ তার ঐতিহ্য ও সম্ভাবনার তুলনায় অনেকটাই নিষ্প্রভ। এ অবস্থায় সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সক্ষমতা বাড়ানো, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট আইন যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উঠে এসেছে। দুর্নীতির কারণে অধিকাংশ সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে, কার্যক্রম দুর্বল হয়েছে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এখনো সাফল্যের সঙ্গে টিকে আছে। এই সংকটের যথাযথ মূল্যায়ন এবং উত্তরণের উদ্যোগ ছাড়া সমবায় আন্দোলনকে নতুন গতিতে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
বাংলাদেশে ১৯০৪ সালে সমবায় আন্দোলনের সূচনা। দীর্ঘ পথপরিক্রমায় এ আন্দোলন গ্রামীণ অর্থনীতি, কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগে সমবায়কে সম্পৃক্ত করার পরিকল্পনা এবং সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে দেশে ফিরিয়ে এনে পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়ার উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও সমবায় উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু ধারাবাহিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও কার্যকর তদারকির অভাবে সেই অগ্রযাত্রা ধরে রাখা যায়নি। এছাড়া বিভিন্ন সরকারের আমলেও নানাভাবে উদ্যোগ নেওয়া হলেও দেশে সামগ্রিকভাবে সমবায়ের সামষ্টিক সুফল আসেনি।
সমবায়ের মূল দর্শন হলো, দশজনের সম্মিলিত শক্তি একজনের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। কৃষক একা উৎপাদন করলে ন্যায্যমূল্য পাওয়া, সংরক্ষণ ও বাজারজাতকরণে নানা বাধার মুখে পড়েন। কিন্তু বহু কৃষক একত্র হয়ে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের ব্যবস্থা গড়ে তুললে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমে, উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং ন্যায্য মুনাফা নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। একইভাবে ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, তাঁতি, নারী উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষ সমবায়ের মাধ্যমে পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারসুবিধা পেতে পারেন। এতে কর্মসংস্থান বাড়ে, আয়বৈষম্য কমানোর সুযোগ তৈরি হয় এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়। সম্মিলিত উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরতা, দায়িত্বশীলতা ও সামাজিক সম্প্রীতিও বাড়ায়। অর্থাৎ সমবায় কেবল অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি সমাজ গঠনেরও একটি কার্যকর মাধ্যম।
তবে সমবায়ের নামে ব্যক্তিস্বার্থ, আত্মসাৎ, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থাকলে এ সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। তাই প্রথমেই প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা ব্যবস্থা। সমিতির আয়-ব্যয়ের নিয়মিত নিরীক্ষা, সদস্যদের গণতান্ত্রিক অংশগ্রহণ, নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা এবং অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমবায় আইন যুগোপযোগী করতে হবে। নিবন্ধন দিয়ে দায়িত্ব শেষ না করে সমিতিগুলোর নিয়মিত তদারকি, দক্ষতা উন্নয়ন, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বিশেষ গুরুত্ব দিতে হবে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে। রাষ্ট্রের উদ্যোগে সমবায়ভিত্তিক বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলা, পণ্য সংরক্ষণাগার, শীতাতপনিয়ন্ত্রিত গুদাম, পরিবহন ও অনলাইন বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা যেতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ব্যবস্থাপনা ও পেশাদার দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সমবায় অধিদপ্তর, ব্যাংক ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি।
সবচেয়ে বড় প্রয়োজন সমবায় সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। রাষ্ট্রীয় প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে সমবায় শিক্ষার প্রসার, সফল সমবায়ের দৃষ্টান্ত তুলে ধরা এবং তরুণদের এ আন্দোলনে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। সমবায়কে শুধু দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না; একে জাতীয় উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ করতে হবে।
রাষ্ট্রপতির আহ্বান তাই কেবল একটি সাংগঠনিক আন্দোলন পুনরুজ্জীবনের বিষয় নয়, বরং তৃণমূল থেকে অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক সংহতি গড়ে তোলার সুযোগ। পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস ও সততাই সমবায়ের প্রাণশক্তি। রাষ্ট্র যদি সুশাসন, পৃষ্ঠপোষকতা ও কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করে, আর মানুষ যদি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগে এগিয়ে আসে, তবে সমবায় হতে পারে স্বনির্ভর, বৈষম্যহীন ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার অন্যতম শক্তিশালী ভিত্তি।
সানা/আপ্র/১০/১১/২০২৬