গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারীসহ দুজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের একজনের মাথায় রাবার বুলেটের আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্য পোশাক কারখানার ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

আহত শ্রমিকেরা হলেন আলমগীর ও রাজিয়া। দুজনের শরীরেই রাবার বুলেটের আঘাত রয়েছে। রাজিয়ার মাথায় গুলি লাগে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে আহত অবস্থায় দুজন শ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাজিয়ার মাথায় রাবার বুলেটের আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শ্রমিকদের দাবি, তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাম্প্রতিক সময়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করতেও দেখা যায়।

গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা জানুয়ারি মাসে নতুন বেতন পাবেন।

এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বাহিনীটি। এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও বিশেষ পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে তা কার্যকর হয়। ওই সময় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।
সানা/আপ্র/১০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
১০ নভেম্বর ২০২৬

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আব...

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই