শফিকুল ইসলামের শর্ট বলে ক্রিজ ছেড়ে পুল করলেন মোসাদ্দেক হোসেন। বল চলে গেল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। অভিজ্ঞ অলরাউন্ডার পৌঁছে গেলেন ১৯৯ থেকে ২০৩ রানে। তবে কোনো রকম উদযাপন দেখা গেল না তার।
এমনকি ব্যাটও তুললেন না! আনন্দের লেশমাত্র না থাকলেও, এই বাউন্ডারিতে নতুন রেকর্ড গড়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
চলতি জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন মোসাদ্দেক। সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বোলারদের তুলোধুনা করে ২২ চার ও ১০টি ছক্কায় ২১৫ বলে তিনি খেলেছেন ২২০ রানের ইনিংস।
ম্যাচের প্রথম দিন আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আবার সেঞ্চুরির দেখা পান মোসাদ্দেক। দিন শেষে তিনি অপরাজিত থাকেন ১৩৭ রানে। নতুন সকালে মাত্র ৫৪ বলে ৬৬ রান করে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে আট ক্রিকেটারের। তারা হলেন- মুশফিকুর রহিম (তিনটিই টেস্টে), লিটন কুমার দাস, অমিত হাসান, তাইবুর রহমান, তাওহিদ হৃদয়, অলক কাপালি, রনি তালুকদার ও তুষার ইমরান।
চলতি জাতীয় লিগে নিজেদের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন অমিত ও তাইবুর। তিনটি ডাবল সেঞ্চুরি নিয়ে এতদিন এই আটজনের পাশেই ছিলেন মোসাদ্দেক। তার আগের তিনটি ডাবল সেঞ্চুরিই ছিল ২০১৫ সালে। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে রংপুরের বিপক্ষে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিতে ২৫০ রান করেন মোসাদ্দেক।
একই টুর্নামেন্টে চট্টগ্রামের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ২৮২ রানের ইনিংস। পরের মৌসুমে সিলেটের বিপক্ষে অপরাজিত থাকেন ঠিক ২০০ রানে। প্রায় ১১ বছর পর আবার জাতীয় লিগেই ডাবল সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে গেলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
ডিসি/আপ্র/১৫/১১/২০২৬