স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রিং ও একটি বেলুন স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে পরবর্তী পরিস্থিতি জানানো হবে। তবে আশা করা হচ্ছে, আগামী পরশু তিনি হাসপাতাল ছেড়ে যেতে পারবেন।
শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রিং ও একটি বেলুন স্থাপন করা হয়।
৭৫ বছর বয়সী সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের চারবারের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
সানা/ডিসি/আপ্র/১৫/১১/২০২৬