চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা। বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের পরিকল্পনাও করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের দ্রুত পাঠানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন।
নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বিদ্যমান বাজার সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। এ খাতের গুরুত্ব বিবেচনায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৬-৩০ মেয়াদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানো এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, সিসেলস, সার্বিয়া, ফিজি, রোমানিয়া, মেসিডোনিয়া, মরিশাস ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হচ্ছে। নতুন শ্রমবাজার খুঁজে বের করা এবং বিদ্যমান বাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, গত ৮ থেকে ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। এ সময় মালয়েশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীও মালয়েশিয়া সফর করেছেন। এরপর জুলাইয়ের শেষ দিকে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী আবার দেশটি সফর করেন। শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাতারের শ্রমবাজার সম্প্রসারণ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, গত ১৮ মে ঢাকায় বাংলাদেশ ও কাতারের সপ্তম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারিগরি কর্মী ও ওয়েল্ডিং পেশায় দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন।
জাপানে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানোর ক্ষেত্রেও উদ্যোগ রয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা (আইএম-জাপান)-এর সহযোগিতায় বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে। দেশটির আরো সাতটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকসহ বিভিন্ন দেশে স্বল্প খরচে বা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।
নতুন নতুন দেশের সঙ্গে সমঝোতা স্মারক, সহযোগিতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এক লাখ চালক তৈরির লক্ষ্যে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে।
দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতায় ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) বিদেশি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চালু হয়েছে। সেখানে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/১৫/১১/২০২৬