যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার তৌকিব ইবনে সাদেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিবকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিবের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি কয়েকজন সহযোগীর নাম ও পরিচয় জানিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে পর্যাপ্ত সময়ের অভাবে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রক্রিয়া চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমান গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন। ওই মামলায় তৌকিবকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদে নিয়োগের জন্য গত ১০ অক্টোবর সকাল ১১টা থেকে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রায় এক ঘণ্টা আগে ফেসবুকে প্রশ্নপত্র পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন। পরে যাচাই করে দেখা যায়, ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা আয়োজনের জন্য বরাদ্দ অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের অপচয় হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সানা/ডিসি/আপ্র/১৫/১১/২০২৬