ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের বিস্তৃত সুযোগ তৈরি করেছে। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার এখন অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত ছবি প্রকাশ, ভুয়া পরিচয়ে হয়রানি কিংবা হুমকি- এসবই সাইবার বুলিংয়ের পরিচিত রূপ। এর সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, অপরাধীকে সামনে দেখা না গেলেও তার আঘাত পৌঁছে যায় ব্যক্তির ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক জীবনে। তাই সাইবার বুলিং নিছক অনলাইন দুষ্টুমি নয়; ব্যক্তির মর্যাদা, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর সরাসরি আঘাত। এ বিষয় নিয়েই এবারের বিজ্ঞান ও প্রযুক্তি পাতার প্রধান ফিচার
ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে ভয় দেখানো, অপমান করা বা ক্ষতি করার পুনরাবৃত্ত আচরণই সাইবার বুলিং। সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ, অনলাইন গেমিংসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এটি ঘটতে পারে। বাংলাদেশেও সমস্যাটি উদ্বেগজনক। বাংলাদেশ অ্যাডোলেসেন্ট হেলথ অ্যান্ড ওয়েলবিইং সার্ভে ২০১৯-২০ অনুযায়ী, গত ১২ মাসে অবিবাহিত কিশোরীদের ৯ শতাংশ, বিবাহিত কিশোরীদের ৭ শতাংশ এবং অবিবাহিত কিশোরদের ৩ শতাংশ সাইবার বুলিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছে। ২০২৫ সালে ইউনিসেফের ট-জবঢ়ড়ৎঃ জরিপে অংশ নেওয়া প্রায় ২৯ হাজার তরুণের মধ্যে দুই-তৃতীয়াংশ সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া ও ভুল তথ্যকে মানসিক চাপের বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে।
সাইবার বুলিংয়ের ক্ষতি শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকে না। অপমান, হুমকি ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ার কারণে একজন কিশোর-কিশোরী হতাশা, ভয়, আত্মবিশ্বাসের সংকট এবং সামাজিক বিচ্ছিন্নতার শিকার হতে পারে। অনেক সময় স্কুলের হয়রানি অনলাইনেও চলতে থাকে। অথচ অভিভাবকদের অনেকে সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিলেও নিরাপদ ব্যবহারের শিক্ষা দেন না। সন্তান কতক্ষণ অনলাইনে থাকছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ সে কী দেখছে, কার সঙ্গে যোগাযোগ করছে এবং হয়রানির শিকার হলে কার কাছে সাহায্য চাইবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্কুল-কলেজে ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন শিষ্টাচার ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত পাঠ এবং সচেতনতামূলক কর্মসূচি চালু করা প্রয়োজন। প্রতিটি প্রতিষ্ঠানে গোপনীয়ভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা ও কাউন্সেলিং সুবিধা থাকা উচিত। অভিভাবকদেরও সন্তানদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা অনলাইন হয়রানির ঘটনা নির্ভয়ে জানাতে পারে। বাংলাদেশে সাইবার অপরাধ মোকাবিলায় আইনগত কাঠামো থাকলেও তার কার্যকর প্রয়োগ জরুরি। অভিযোগ গ্রহণ, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীবান্ধব প্রতিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে হয়রানিমূলক কনটেন্ট শনাক্ত ও অপসারণে আরও দায়িত্বশীল হতে হবে। শুধু আইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমরা প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে চাই না; চাই এর নিরাপদ ও মানবিক ব্যবহার। প্রতিটি মন্তব্যের আগে দায়িত্ববোধ, তথ্য শেয়ারের আগে যাচাই এবং হয়রানির ঘটনায় নীরবতার বদলে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
মনে রাখতে হবে, একটি অপমানজনক পোস্ট কয়েক মিনিটে হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে, কিন্তু তার ক্ষত মুছে যেতে অনেক সময় লাগে। তাই সাইবার বুলিংকে কিশোরদের সাধারণ ঝগড়া ভেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি প্ল্যাটফর্ম ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। ডিজিটাল অগ্রগতির পাশাপাশি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হলেই প্রযুক্তি সত্যিকার অর্থে আশীর্বাদ হয়ে উঠবে।
কেএমএএ/আপ্র/১৫.১১.২৬