ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তার জবাব দেবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের মধ্যে এখনো আলোচনার পর্যায়ে যায়নি বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা বলা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথমত, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে পালন করতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
তবে এসব শর্তের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়ে যোগাযোগ হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সঙ্গে তাদের এ ব্যাপারে কোনো কথাই হয়নি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আইনে প্রতিবেদনটার (বিবিসির) কোনো ভিত্তি নেই। এটা ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের কাছ থেকে অফিশিয়ালি কিছু এলে আমরা তা গ্রহণ করব এবং আমরা তার জবাব দেব। এর বাইরে ভারতের কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই। সেটা আমাদের বিষয়ও না।’
ওই প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়ালের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর প্রত্যাশা: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে অবস্থান করছেন। তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
শামা ওবায়েদ বলেন, ‘তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।’
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়: বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের সূচনা। তাই একটি বিষয়কে কেন্দ্র করে এই সম্পর্ককে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে দলটি জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, অন্য একটি দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালিত হলে সরকার হিসেবে বাংলাদেশকে বিষয়টি মোকাবিলা করতে হবে।
কনস্যুলার সংলাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত: বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে প্রকাশিত সংবাদকে ভুল তথ্য উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ সংলাপ সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। দুই দেশই কিছুদিন পর বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দুই পক্ষ থেকেই সংলাপটি কিছুদিন পরে আয়োজনের কথা বলা হয়েছে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬