তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল সোমবার। এ জন্য প্রস্তুতিও নিয়েছিলেন শিল্পমালিকেরা। কিন্তু নির্ধারিত সভা শুরুর মাত্র দুই ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। বোর্ডের পক্ষ থেকে ‘অনিবার্য কারণের’ কথা বলা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং মালিকপক্ষের সম্ভাব্য মজুরি প্রস্তাব নিয়ে উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালিকপক্ষের অধিকাংশ উদ্যোক্তা ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের পক্ষে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা। বর্তমান পরিস্থিতিতে মালিকদের তুলনামূলক কম মজুরির প্রস্তাব জমা পড়লে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন করে অসন্তোষ দেখা দিতে পারে বলে আশঙ্কা ছিল। বিশেষ করে গোপালগঞ্জের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পোশাকশ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কাও বিবেচনায় নেওয়া হয়।
পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তা জানান, গত শনিবার মালিকপক্ষের মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক বিজিএমইএর সভাপতিকে সতর্ক করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মজুরি প্রস্তাব জমা না দেওয়ার পরামর্শ দেন তাঁরা। রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব বিবেচনায় রোববার রাতেই সরকারের উচ্চপর্যায় থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মজুরি বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারকে ফোনে বিষয়টি জানান। বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে ‘অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে’ তৃতীয় সভা স্থগিতের কথা বলা হয়। তবে কার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানো হয়নি।
শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে একটি কারণ সামনে এসেছে। বাবুল আখতার জানান, চেয়ারম্যান তাঁকে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কথাও জানিয়েছেন।
স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ: সভা স্থগিতের দিন সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে সড়কে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে যান। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরো দুটি কারখানায় সোমবার ছুটি দেওয়া হয়।
বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সভা স্থগিতের সিদ্ধান্ত বিচক্ষণতাপূর্ণ। শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা থাকায় মালিকপক্ষের প্রস্তাব ঘিরে নতুন ক্ষোভ তৈরি হলে তা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা ছিল। তবে দ্রুত বৈঠক করে অর্থবহ মজুরি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
মালিকদের প্রস্তাব ১৫ থেকে ১৬ হাজার টাকা: সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে নিম্নতম মজুরির প্রস্তাবের খসড়া চূড়ান্ত করে। কয়েকজন উদ্যোক্তা অবশ্য ১৭ থেকে ১৮ হাজার টাকার পক্ষে মত দিয়েছেন। গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ মতবিনিময় সভায় বিভিন্ন অঞ্চলের কারখানামালিকদের মতামত পর্যালোচনা করা হয়। মালিকপক্ষের আশঙ্কা, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে ১৮ হাজার টাকার বেশি মজুরি নির্ধারণ হলে অনেক কারখানার পক্ষে উৎপাদন ব্যয় সামাল দেওয়া কঠিন হবে।
বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, “মালিকদের নতুন বেতন কাঠামোর ব্যাপারে কোনো অসহযোগিতা নেই। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে সভা অনুষ্ঠিত হবে এবং নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে।”
এদিকে সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, মালিকপক্ষ প্রস্তাব জমা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে তারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের কথা থাকায় দ্রুত মজুরি ঘোষণা প্রয়োজন। এতে কারখানাগুলো বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, “আমরা শুনেছি, বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত করা হয়েছে। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণ করে মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়া হোক। নতুন বেতন কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হলে দ্রুত বোর্ডের সভা করতে হবে। আমাদের দাবি, দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা করে তা বাস্তবায়ন করা হোক।”
উল্লেখ্য, গত মাস থেকে পোশাকশ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর প্রথম সভায় ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়। তখন সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সানা/আপ্র/১৭/১১/২০২৬