গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

অশান্ত খুলনায় নিরাপত্তা জোরদারে মাঠে যৌথ বাহিনী

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৫:০৭ এএম ২০২৬
অশান্ত খুলনায় নিরাপত্তা জোরদারে মাঠে যৌথ বাহিনী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একসময় শান্ত শহর হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে বেড়েছে খুন, চাঁদাবাজি ও গুলির ঘটনা। এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক, জানমালের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সভাপতি ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বৈঠকে খুলনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর থেকেই প্রশাসনের তৎপরতা বেড়েছে। এই অভিযান নগরবাসীর মধ্যে কতটা স্বস্তি ফেরাতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

অভিযান প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, আগে থেকেই পুলিশের অভিযান চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে।

অন্যদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি থানার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

অভিযানের অংশ হিসেবে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

এদিকে রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা সড়কের কেডিএ মাঠ এলাকায় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলির ঘটনা ঘটে।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালানোর সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও সশস্ত্র ব্যক্তিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা শটগান থেকে তিন রাউন্ড গুলি ছোড়েন। পরে সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে নিরাপত্তা অভিযান জোরদারের মধ্যেই গত রাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরো বেড়েছে।

কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান জানান, নগর ভবনে পেট্রোল বোমা হামলার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে আরো ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে তাঁরা এখনো এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তা নিশ্চিত করতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম প্রশাসনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, খুলনাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ প্রশংসনীয়। তবে অভিযানের নামে কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এই অভিযান নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ
১৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খু...

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
১৭ নভেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নবান্ন উ...

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ
১৬ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে জুয়ার বিস্তার এবং শিশুদের জন্মনিবন্ধন নি...

বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন
১৬ নভেম্বর ২০২৬

বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন

কুড়িগ্রামের সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সহকারী শিক্ষকের বদলি ও সেই আদেশ স্থগিত করা নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই