পাকিস্তান আমলের ২৪ বছরের শাসনামলের চেয়ে আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে দেশের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে গেছে, যার ক্ষতির বোঝা এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও দলটির শিক্ষা হয়নি।
আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনায় আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই। মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়।
আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতির ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দলটি দেশের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা এখনো জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এসব ক্ষতির দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে বর্তমান সরকারকে।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬