ইরান যুদ্ধাবস্থায় রয়েছে উল্লেখ করে দেশটির প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা এবং জনগণের জন্য অত্যাবশ্যকীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন পেজেশকিয়ান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুপক্ষ দেশটির জন্য বিভিন্ন ধরনের সংকট ও সমস্যা তৈরি করতে এবং বিধিনিষেধ আরোপ করতে তাদের হাতে থাকা সব উপায় কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যুদ্ধাবস্থায় আছি। দেশকে সমস্যায় ফেলতে শত্রুরা তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করছে। এ ধরনের পরিস্থিতিতে প্রতিরোধ ও সহনশীলতা বজায় রাখতে কিছু কষ্ট মেনে নেওয়া এবং সহ্য করা প্রয়োজন।’
পেজেশকিয়ান আরো বলেন, প্রশাসনকে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করতে হবে। সশস্ত্র বাহিনীকে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রের সব সক্ষমতা কাজে লাগাতে হবে। পাশাপাশি জনগণের জীবনযাত্রা ও জীবিকা সুরক্ষিত রাখা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ পরিচালনার বাস্তবতা সম্পর্কে জনগণকে অবহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও কঠিন পরিস্থিতির ব্যাপ্তি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে কর্মকর্তাদের কার্যকর যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট।
যুদ্ধের প্রভাবে উত্তেজনা পুরো অঞ্চলে: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা হয়। এরপর আট মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাতের স্থায়ী অবসান হয়নি। গত এপ্রিল ও জুনে যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা টেকেনি। বর্তমানে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সামরিক অভিযান তুলনামূলক কম থাকলেও উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি রয়ে গেছে।
যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টও ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
একদিকে যুদ্ধের অবসানে কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা-সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনো অস্থিতিশীল। এমন পরিস্থিতিতেই প্রশাসন ও সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পেজেশকিয়ান।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬