বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটির আয় ১ হাজার ৩৮৪ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর আজীবন আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি। ফলে বক্স অফিসে দুই রণবীরের লড়াইয়ে আপাতত এগিয়ে রণবীর কাপুর।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও আয়ের ক্ষেত্রে তার প্রভাব পড়েনি। মুক্তির ১১তম দিন, অর্থাৎ দ্বিতীয় রবিবারে ভারতে ছবিটি নিট ৭৫ কোটি রুপি এবং মোট ৮৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
বক্স অফিসের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্ত ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৭৬০ কোটি ৬০ লাখ রুপি। মোট আয় ৯০৯ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৪৭৫ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু রবিবারেই বিদেশ থেকে আয় হয়েছে ৪০ কোটি রুপি।
সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৪ কোটি ৫০ লাখ রুপি। এর মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে হাজার কোটি রুপি আয় করা ছবির তালিকায় নতুন সংযোজন হয়েছে ‘রামায়ণ’।
এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘জওয়ান’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর মতো ব্যবসাসফল ছবির আয়ের রেকর্ড ছাড়িয়েছে এটি। পাশাপাশি রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর ১ হাজার ৩০৭ কোটি ৩৫ লাখ রুপির আজীবন আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে।
তবে হাজার কোটি রুপির ক্লাবে থাকা ছবিগুলোর মধ্যে এখনো বেশ কয়েকটি ছবির চেয়ে পিছিয়ে রয়েছে ‘রামায়ণ’। তালিকার শীর্ষে রয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’, যার বিশ্বব্যাপী আয় প্রায় ২ হাজার কোটি রুপি। এরপর রয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।
‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে।
ডিসি/আপ্র/১৬/১১/২০২৬