প্রেম, বন্ধুত্ব কিংবা আর্থিক প্রলোভন-ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করে সামরিক ও প্রতিরক্ষাসংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা নতুন নয়। তবে প্রচলিত ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদের কৌশল ছাড়িয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন সাইবার গুপ্তচরবৃত্তি ও বহুমুখী প্রতারণার আশ্রয় নিচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সামরিক বাহিনী নিজেদের সদস্যদের সুরক্ষায় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত।
দিল্লিতে সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এএনআই ন্যাশনাল সিকিউরিটি সামিটে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলার ঘটনা বৃহত্তর গোয়েন্দা চ্যালেঞ্জের একটি ছোট অংশ মাত্র। সরকারি গবেষণাগার থেকে শুরু করে বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হচ্ছেন।
ভারতের প্রতিরক্ষা খাতে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে আশুতোষ দীক্ষিত বলেন, বিষয়টি শুধু হানি ট্র্যাপের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মূলত সাইবার গুপ্তচরবৃত্তি ও বৃহত্তর গোয়েন্দা তৎপরতার অংশ। সাইবার যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের প্রলোভন দেখিয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘মাল্টি-লেভেল মার্কেটিংয়ের ফাঁদ রয়েছে, ঋণদাতাদের শোষণমূলক তৎপরতাও রয়েছে। তারাও সক্রিয়। এসব বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন।’
এসব হুমকি মোকাবিলায় নিবিড় নজরদারির পাশাপাশি পদ্ধতিগতভাবে কাজ চলছে বলেও জানান তিনি।
সামরিক নেটওয়ার্কে নিরাপত্তাবলয়: ভারতীয় বিমানবাহিনীর প্রধান জানান, সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কগুলো সরাসরি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন বা ‘এয়ার-গ্যাপড’ পদ্ধতিতে পরিচালিত হয়। ফলে এসব নেটওয়ার্কে সরাসরি সাইবার হামলা চালানো কঠিন। তবে বিদেশি গোয়েন্দারা এখন নেটওয়ার্কের যন্ত্রপাতির পরিবর্তে সেগুলো পরিচালনাকারী ব্যক্তিদের প্রভাবিত করে ভেতর থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
আশুতোষ দীক্ষিত বলেন, ‘আমাদের নেটওয়ার্কগুলো এয়ার-গ্যাপড। তাই সেগুলোতে সরাসরি সাইবার হামলা চালানো অসম্ভব। কিন্তু ভেতরের কারো মাধ্যমে হুমকি তৈরির যে চেষ্টা চলছে, সে বিষয়ে আমরা সচেতন রয়েছি।’
তিনি জানান, এসব হুমকি মোকাবিলায় ইতিমধ্যে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি গবেষণাগার এবং বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও নিরাপদ সফটওয়্যার ব্যবহার ও নিজস্ব নেটওয়ার্ক সুরক্ষার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট একটি সংস্থা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে। নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদ থাকা সম্ভব বলে মনে করেন তিনি।
আশুতোষ দীক্ষিতের বক্তব্যের পেছনে রয়েছে ভারতের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক কয়েকটি কথিত গোয়েন্দা তৎপরতা ও গ্রেফতারের ঘটনা। অভিযোগ রয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক প্রলোভন ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
সাম্প্রতিক গ্রেফতার ও গোয়েন্দা তৎপরতা: এ ধরনের একটি ঘটনায় গত মে মাসে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে সামরিক অভিযান, সেনা মোতায়েন, যুদ্ধবিমান ও স্পর্শকাতর সামরিক স্থাপনা সম্পর্কে গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংশ্লিষ্ট এক নারীর কাছে পাঠানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ওই কর্মকর্তা এক সহকর্মীর মোবাইল ফোনে তথ্য চুরির সফটওয়্যার স্থাপনেরও চেষ্টা করেছিলেন।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করা ওই কর্মকর্তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর পরিচয় হয়। পরে ভিডিও কলে যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তাঁর আস্থা অর্জন করেন ওই নারী। এরপর সামরিক তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁকে সহকর্মীদের ফোনেও নজরদারিমূলক সফটওয়্যার স্থাপনের নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। মামলাটিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়েছে।
গত অক্টোবরেও ভারতের অন্ধ্র প্রদেশে একই ধরনের গোয়েন্দা তৎপরতার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর নাবিক প্রদীপ মুখার্জি ও চুক্তিভিত্তিক গাড়িচালক অন্নম সাই বরপ্রসাদকে গ্রেফতার করা হয়। ৩১ বছর বয়সী প্রদীপকে ৩ অক্টোবর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র থেকে গ্রেফতার করে অন্ধ্র প্রদেশ পুলিশের গোয়েন্দা শাখা।
তদন্তকারীদের অভিযোগ, কয়েক মাস আগে পাকিস্তানি এক নারী গোয়েন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর কাছ থেকে বিশাখাপত্তনমের নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য, সামরিক জাহাজ ও সাবমেরিনের চলাচল এবং কৌশলগত স্থাপনাসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। গাড়িচালক বরপ্রসাদকেও একইভাবে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁদের মাধ্যমে আরো কয়েকজনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা হয়েছিল।
আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় প্রেমের ফাঁদ: এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহের বিষয়টি সামনে আসে। অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া প্রমাণ প্রকাশিত হয়নি। বেইজিংও অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনা ঘিরে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। গত ১২ নভেম্বর জেনসেন হুয়াং প্রধান নির্বাহীর পদ ছাড়েন। তবে তাঁর পদত্যাগের সঙ্গে কথিত গোয়েন্দা তৎপরতার সরাসরি যোগসূত্র নিশ্চিত নয়।
সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক প্রলোভন ও ডিজিটাল যোগাযোগকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের কৌশল এখন গোয়েন্দা তৎপরতার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা খাতের কর্মীদের ব্যক্তিগত সতর্কতা, প্রযুক্তিগত নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক নজরদারির গুরুত্ব নতুন করে সামনে এনেছে এসব ঘটনা। সূত্র: এনডিটিভি, রয়টার্স
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬