ঘরের আলোকসজ্জায় বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী বিকল্প হিসেবে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের তুলনায় এগুলো বেশি টেকসই। অনেক বাল্বের প্যাকেটে ৫ থেকে ২০-২৫ বছর পর্যন্ত স্থায়িত্বের কথা উল্লেখ থাকে। কিন্তু বাস্তবে অনেক সময় কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় এসব বাল্ব। এর পেছনে শুধু বাল্বের মান নয়, ব্যবহারের পদ্ধতি ও পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৈদ্যুতিক বিশেষজ্ঞদের মতে, এলইডি বাল্ব সব সময় হঠাৎ করে পুরোপুরি নষ্ট হয় না। অনেক ক্ষেত্রে এর আলোর উজ্জ্বলতা কমে যায়, আলো কাঁপতে থাকে কিংবা ভেতরের বৈদ্যুতিক যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে। অথচ কিছু সাধারণ সতর্কতা মেনে চললে বাল্বের স্থায়িত্ব অনেকটাই বাড়ানো সম্ভব।
গৃহস্থালি ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অনুমোদিত বিদ্যুৎমিস্ত্রি এবং লেভেল টু ইলেকট্রিশিয়ান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ক্রিস মাদিকিয়ান এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার উপায় তুলে ধরেছেন।
কতদিন টেকে এলইডি বাল্ব: ক্রিস মাদিকিয়ানের তথ্যমতে, সাধারণ মানের একটি এলইডি বাল্ব ১৫ হাজার থেকে ২৫ হাজার ঘণ্টা পর্যন্ত ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। কম দামি বাল্বের স্থায়িত্ব সর্বোচ্চ ১০ হাজার ঘণ্টা হতে পারে। অন্যদিকে উন্নত মানের প্রিমিয়াম বাল্ব প্রায় ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের নিয়ম অনুযায়ী, বাল্বের প্যাকেটে উল্লেখ করা স্থায়িত্বের হিসাব সাধারণত প্রতিদিন গড়ে তিন ঘণ্টা ব্যবহারের ভিত্তিতে নির্ধারণ করা হয়। মূলত বাল্বের প্রাথমিক আলোর উজ্জ্বলতা কমে ৭০ শতাংশে নেমে আসতে কত সময় লাগে, তার ওপর ভিত্তি করেই এ হিসাব করা হয়।
তবে এসব পরীক্ষা আদর্শ ও নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। বাস্তবে তাপমাত্রা, বায়ু চলাচল এবং বৈদ্যুতিক সংযোগের অবস্থার কারণে বাল্বের স্থায়িত্ব কমতে পারে। বিশেষ করে এলইডি চিপ ঠিক থাকলেও বাল্বের গোড়ায় থাকা ইলেকট্রনিক সার্কিট নষ্ট হয়ে গেলে পুরো বাল্বটি অকেজো হয়ে পড়ে।
দীর্ঘদিন ভালো রাখার তিন উপায়: প্রথমত, অতিরিক্ত তাপ থেকে বাল্বকে দূরে রাখতে হবে। এলইডি বাল্ব নিজে তুলনামূলক কম তাপ উৎপন্ন করলেও বাইরের অতিরিক্ত তাপ এর চিপ ও গোড়ার ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। এ কারণে বদ্ধ স্থানে, যেখানে বাতাস চলাচলের সুযোগ কম, সেখানে সাধারণ এলইডি বাল্ব ব্যবহার না করাই ভালো। একইভাবে চুলা বা ওভেনের খুব কাছাকাছি বাল্ব লাগানো থেকেও বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত, আলো কমানো-বাড়ানোর জন্য উপযুক্ত ডিমার সুইচ ব্যবহার করতে হবে। পুরোনো ডিমার সুইচের অনেকগুলো সাধারণ বৈদ্যুতিক বাল্বের জন্য তৈরি। এসব সুইচের সঙ্গে সামঞ্জস্যহীন এলইডি বাল্ব ব্যবহার করলে আলো কাঁপতে পারে, গুনগুন শব্দ হতে পারে এবং বাল্ব দ্রুত নষ্ট হতে পারে। তাই ডিমার সুইচ ব্যবহার করলে বাল্বের প্যাকেটে ‘ডিমেবল’ লেখা আছে কি না, তা দেখে নিতে হবে। পাশাপাশি এলইডি বাল্বের উপযোগী ডিমার ব্যবহার করা জরুরি।
তৃতীয়ত, খুব কম দামি ও নিম্নমানের বাল্ব কেনা এড়িয়ে চলতে হবে। সস্তা বাল্বে অনেক সময় নিম্নমানের ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়। পাশাপাশি তাপ বের হওয়ার যথাযথ ব্যবস্থা না থাকায় এসব বাল্বের কার্যক্ষমতা দ্রুত কমে যায়। তাই নির্ভরযোগ্য ও মানসনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাল্ব কেনা উচিত।
বাল্ব বদলানোর সময় বুঝবেন যেভাবে: এলইডি বাল্ব নষ্ট হওয়ার আগে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে। ক্রিস মাদিকিয়ানের মতে, পুরোনো ধরনের বাল্বের মতো এলইডি বাল্ব সব সময় হঠাৎ ফিউজ হয় না। বরং ধীরে ধীরে আলোর উজ্জ্বলতা ও রঙের পরিবর্তন ঘটে। কখনো আলো কাঁপতে থাকে, কখনো গুনগুন শব্দ হয়। আবার বাল্বের গোড়ায় বাদামি বা পোড়া দাগও দেখা দিতে পারে।
এ ধরনের লক্ষণ দেখা দিলে বাল্বটি বদলে ফেলা উচিত। তবে নতুন বাল্ব লাগানোর পরও একই সমস্যা থাকলে সেটিকে শুধু বাল্বের ত্রুটি মনে করা ঠিক হবে না। সুইচ গরম হয়ে যাওয়া কিংবা পোড়া গন্ধ বের হওয়া বৈদ্যুতিক সংযোগের সমস্যার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দ্রুত পেশাদার ও অনুমোদিত বিদ্যুৎমিস্ত্রির সহায়তা নিতে হবে। সূত্র: রিয়েল সিম্পল
সানা/আপ্র/১৭/১১/২০২৬