শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকেই আসনটি শূন্য হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন। তিনি সংসদকে জানান, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে তিনি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।
স্পিকার বলেন, ‘এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।’
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে ওই সময় সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারো সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেহাদ খান পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। ফলে কিশোরগঞ্জ-৩ আসনে এখন উপনির্বাচন আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি সামনে এসেছে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬