রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দিয়েছে মুখোশধারী দুই ব্যক্তি। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে তারা এসে অফিসের বাইরের স্টিলের ফটকে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাসপোর্ট অফিসের বাইরের স্টিলের ফটকে আগুন দেওয়া হয়েছিল। স্টিলের ফটক হওয়ায় আগুন নিজে থেকেই নিভে যায়। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে। ভিডিও বিশ্লেষণ করে দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। রাত ১টা ৩ মিনিটে দুজন এসে ফটকে আগুন দিয়ে চলে যায়। অফিসের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও এ বিষয়ে কিছু জানতে পারেননি।
সানা/আপ্র/১৭/১১/২০২৬