তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সভার নতুন তারিখ জানানো হয়। সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত সোমবার সভাটি ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়। ওই বৈঠকেই মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। সভা স্থগিতের ঘটনায় শ্রমিক নেতারা সরকার ও মালিকপক্ষের ‘কূটকৌশল’ রয়েছে বলে অভিযোগ করেছেন। তবে মালিকপক্ষের দাবি, নিম্নতম মজুরি ঘোষণার বিষয়ে তারা আন্তরিক এবং দ্রুত বোর্ডের সভায় প্রস্তাব দিতে প্রস্তুত।
গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। চার সদস্যের পরিবারের পুষ্টি ও ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন বলে শ্রমিকপক্ষের বক্তব্য। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের অনেকে কাজে ফিরতে শুরু করেন। তবে মজুরি নিয়ে অনিশ্চয়তা ও অসন্তোষ পুরোপুরি কাটেনি।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্র্নিধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে অনুযায়ী বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা।
২০২৩ সালে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
সানা/আপ্র/১৭/১১/২০২৬