আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এদিকে, সকাল ১১টার দিকে সাভারের রাজফুলবাড়ী এলাকাতেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি কাজ করছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর। বেলা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬