মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। এ সময়ের মধ্যে তাঁদের মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে কারাবন্দি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন খায়রুল আলম রফিক। এ সময় তিনি তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।
কারাবন্দি চার সাংবাদিক হলেন- এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।
সাক্ষাৎ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন খায়রুল আলম রফিক। তিনি গ্রেফতার সাংবাদিকদের আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এর আগে খায়রুল আলম রফিকের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় গ্রেফতার চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানকে প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতারা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ১৯ নভেম্বরের মধ্যে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ দাবিতে টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি সারাদেশে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও আইনি সহায়তা নিশ্চিত করতে পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা জরুরি। দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি বা নিপীড়নের ঘটনা ঘটলে সংগঠনটি তাঁদের পাশে দাঁড়াবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক উদ্যোগও নেওয়া হবে।
কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ, মোঃ বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ও মোঃ সজিব হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাদেক মামুন হায়দার, সহসভাপতি এম সাইফুল ইসলাম সাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬