রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাই কোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। আদালত বলেছেন, রামিসাকে অস্বাভাবিক ও নৃশংস প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগের দিন সোমবার একদিনেই দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) শুনানি শেষ হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন। রায় শুনতে মঙ্গলবার সকালে হাই কোর্টে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না।
গত ১৯ মে সোহেলদের বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, সোহেল রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটির মাথা ছুরি দিয়ে বিচ্ছিন্ন করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করে শোবার ঘরের খাটের নিচে রাখেন। বিচ্ছিন্ন মাথাটি বাথরুমের বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।
ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল ও স্বপ্নাকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পুলিশ স্বপ্নাকে ঘটনাস্থল থেকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। ২১ মে সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর দুজনকেই কারাগারে পাঠানো হয়।
২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এক দিনেই শেষ হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য পরীক্ষা করা হয়।
এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ আদায়ের নির্দেশও ছিল রায়ে।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায় ঘোষণা করা হয়। পরে দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। তাঁরা কারাগার থেকেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিও হাই কোর্টে পাঠানো হয়। হাই কোর্ট রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে হাফিজুর রহমান খানকে নিয়োগ দেন। তাঁর শুনানি শেষে মঙ্গলবার সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্নাকে খালাস দিলেন উচ্চ আদালত।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাসায় গিয়ে সমবেদনা জানান এবং দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস দেন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬