গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৫ এএম ২০২৬
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সংঘর্ষ, বিজিবি মোতায়েন
ছবি

মঙ্গলবার সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে -ছবি সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি।

সাভার-আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; 
মিরপুরে আটক কয়েকজন,
ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

কয়েক দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর সোমবার মজুরি বোর্ডের সভা স্থগিতের পরদিনই শ্রমিকদের নতুন করে আন্দোলনে নামার ঘটনায় শিল্পাঞ্চলে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের পাশাপাশি কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তাঁরা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে শ্রমিকরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, ওই এলাকার অন্য কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে। শুধু স্টারলিং গ্রুপের শ্রমিকরাই আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও মঙ্গলবার সকালে কারখানায় প্রবেশ করেন। তবে কাজ না করে পরে তাঁরা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খেজুর বাগান-নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি।

মিরপুরে কয়েক দফা বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
এদিকে রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চলে। সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে জড়ো হয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশের বাড়তি উপস্থিতি ও বাধার মুখে তাঁরা প্রধান সড়কে উঠতে পারেননি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সঙ্গে কথা বলে। সরকার তাঁদের দাবি মেনে নেওয়ার উদ্যোগ নিচ্ছে জানিয়ে সড়ক অবরোধ না করার অনুরোধ করা হয়। পরে শ্রমিকরা সড়কের পাশে নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করে ওই এলাকা ছেড়ে যান।

তবে এরপর শ্রমিকরা মিরপুর ১ নম্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। কয়েকশ শ্রমিক লাঠি হাতে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বরের দিকে অগ্রসর হন। পথে মিরপুর মডেল থানার সামনে তাঁরা সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর ১ ও ১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন।

সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়। এ সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর ১ নম্বর থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের থামানোর চেষ্টা করা হয়। লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তাঁরা তা না মেনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে, বেলা ১১টার দিকে মিরপুর ২ নম্বর এলাকায় শ্রমিকদের আরেকটি মিছিল ১০ নম্বরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বেলা সোয়া ১১টার দিকে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মিরপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি ছিল। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে মাইকিংও করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

পরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মজুরি বোর্ডের সভা স্থগিতের পর নতুন উত্তেজনা
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। এরপরও রাজধানীর মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত থাকে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। এতে রাজধানীর পরিস্থিতি অনেকটা শান্ত হলেও বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন-বিক্ষোভ চলছিল।

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য বোর্ডের তৃতীয় সভায়। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সভাটি স্থগিত করা হয়।

মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে অনিবার্য কারণে সভা স্থগিতের কথা জানানো হলেও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, তাঁরা সভায় অংশ নেওয়া ও প্রস্তাব জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বোর্ডের সদস্যদের কাছে পাঠানো বার্তায় সকাল সোয়া ৯টার দিকে সভা স্থগিতের খবর পান তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে তিনি শুনেছেন। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাঁকে ফোন করে সভা স্থগিতের কথা জানান। আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়ও উল্লেখ করা হয়।

সভা স্থগিতের পর মালিকদের দুই সংগঠন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত নতুন সভা আয়োজন করে মজুরি পুনর্র্নিধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন মজুরি ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর করার নির্ধারিত সময়সীমার কথাও জানিয়েছে সংগঠন দুটি।

এদিকে, শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সাভার-আশুলিয়া ও গাজীপুরে মোট ৬২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি এবং গাজীপুরে ২২টি কারখানা রয়েছে। সাভার-আশুলিয়ার ২৭টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ, নয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং চারটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে বিলম্ব, শ্রমিকদের দাবির নিষ্পত্তি না হওয়া এবং শিল্পাঞ্চলে বারবার সংঘর্ষের ঘটনায় পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন ও শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এখন সংশ্লিষ্ট সবার জন্য বড় চ্যালেঞ্জ।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেক...

পাকিস্তান আমলের চেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬

পাকিস্তান আমলের চেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী

পাকিস্তান আমলের ২৪ বছরের শাসনামলের চেয়ে আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে দেশের বেশি ক্ষতি করেছে বল...

শ্রমিক অসন্তোষের শঙ্কায় স্থগিত মজুরি বোর্ডের সভা
১৭ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের শঙ্কায় স্থগিত মজুরি বোর্ডের সভা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল সোমবার। এ জ...

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত নেই: শামা ওবায়েদ ইসলাম
১৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত নেই: শামা ওবায়েদ ইসলাম

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার আনুষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই