দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এটি দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তবে এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। মূলত কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তি এবং বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সম্পন্ন হবে গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা।
প্রাথমিক পর্যায়ের পরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারো ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো-বাড়ানো হবে।
পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর কেন্দ্রের উৎপাদন ও সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী সংস্থা পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকদের ব্যবহারের সুযোগ থাকবে।
কয়েক মাস চলবে পরীক্ষামূলক উৎপাদন: বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর কয়েক মাস ধরে বিভিন্ন ধাপে পরীক্ষামূলক উৎপাদন ও পরিচালন কার্যক্রম চলতে পারে। উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফলসংবলিত প্রতিবেদন বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরবর্তী কার্যক্রম শুরু হবে। এ সময়ও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চলবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে ইউনিটটির দায়িত্ব রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণাঙ্গ বিদ্যুৎ সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় বিদ্যুৎকেন্দ্রটি। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায়ও বাংলাদেশের নাম যুক্ত হয়।
প্রকল্পের মেয়াদ বেড়েছে, ব্যয়ও বাড়ছে: দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমিশনের অধীনে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। সব মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
দীর্ঘদিনের পরিকল্পনা, বিপুল বিনিয়োগ এবং ধারাবাহিক কারিগরি প্রস্তুতির পর জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুতের পরীক্ষামূলক সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা করল। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন এবং বাণিজ্যিক সরবরাহ শুরু করতে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ধাপ পেরোতে হবে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬