আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ।
গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক; সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে।
‘সাঁকোটা দুলছে’ সিনেমায় অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি। চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।
এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।
ডিসি/আপ্র/১৭/১১/২০২৬