কয়েক মাস আগে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন, সার্ভারের সক্ষমতা কমে যাওয়া এবং অস্বাভাবিক মাত্রায় তথ্যপ্রবাহের চাপ-এই তিন কারণের সম্মিলিত প্রভাবে বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ে পড়ে মাইক্রোসফট। কোম্পানিটির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত জুলাইয়ে চালু করা একটি হালনাগাদের মধ্যে থাকা সুপ্ত কারিগরি ত্রুটিই শেষ পর্যন্ত এই বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
গত বৃহস্পতিবার মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা অচল হয়ে পড়ে। প্রায় এক দিন পর সেগুলো পুনরায় সচল করা সম্ভব হয়। এ ঘটনায় হাসপাতাল, পুলিশ বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের কার্যক্রম ব্যাহত হয়। বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী দাপ্তরিক কাজ ও যোগাযোগে সমস্যায় পড়েন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের প্রকাশিত প্রাথমিক ব্যাখ্যায় বিভ্রাটের তিনটি পরস্পরসম্পর্কিত কারণ চিহ্নিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গত জুলাইয়ে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন থেকে।
জুলাইয়ের হালনাগাদে ছিল সুপ্ত ত্রুটি: মাইক্রোসফট ৩৬৫ পরিচালনাকারী সার্ভারগুলোর জন্য গত জুলাইয়ে একটি হালনাগাদ চালু করেছিল। কয়েক সপ্তাহ ধরে সেটি স্বাভাবিকভাবে কাজ করায় কোনো সমস্যা শনাক্ত হয়নি। পরবর্তী তিন মাসেরও বেশি সময় ধরে পরীক্ষামূলক পর্যবেক্ষণেও ত্রুটির বিষয়টি ধরা পড়েনি।
কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায়, ওই হালনাগাদের মধ্যে একটি কারিগরি ত্রুটি রয়ে গিয়েছিল। সার্ভারগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হলে এ ত্রুটির কারণে সেগুলোর ভারসাম্য নষ্ট হয়ে কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি ছিল।
মাইক্রোসফট শুরুতে সমস্যাটি শনাক্ত করতে পারেনি। কারণ পরীক্ষার সময় বিপুল তথ্যপ্রবাহের চাপের মধ্যে সার্ভারগুলোর আচরণ যথাযথভাবে যাচাই করা হয়নি। এ ছাড়া নতুন ও অধিক ক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যারে ত্রুটিটি বিশেষভাবে প্রভাব ফেলছিল। পরীক্ষার সময় ওই ধরনের হার্ডওয়্যার ব্যবহার না করায় সমস্যাটি অশনাক্ত থেকে যায়।
একসঙ্গে ঘটে তিনটি ঘটনা: বিভ্রাটের প্রায় ১৫ ঘণ্টা আগে মাইক্রোসফট টিমসকে তার স্বাভাবিক নেটওয়ার্ক থেকে সরিয়ে এমন একটি নেটওয়ার্কে যুক্ত করা হয়, যেটি আউটলুকের ইমেইল আদান-প্রদানের সেবা এক্সচেঞ্জ অনলাইন পরিচালনা করত। স্বাভাবিক পরিস্থিতিতে এ পরিবর্তনে সমস্যা হওয়ার কথা ছিল না।
একই সময়ে অন্য একটি কারিগরি সমস্যার কারণে মাইক্রোসফটের মোট সার্ভার সক্ষমতার প্রায় ১৪ শতাংশ অকার্যকর ছিল। নিয়মিত প্রক্রিয়ায় সেগুলো পুনরায় সচল করার পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি।
আলাদাভাবে বিবেচনা করলে প্রতিটি সমস্যাই সামাল দেওয়া সম্ভব ছিল। কিন্তু একদিকে অতিরিক্ত তথ্যপ্রবাহের চাপ, অন্যদিকে সার্ভারের সক্ষমতা কমে যাওয়া-এই দুই পরিস্থিতি একসঙ্গে তৈরি হওয়ায় জুলাইয়ে চালু করা হালনাগাদের সুপ্ত ত্রুটি সক্রিয় হয়ে ওঠে।
এর ফলে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ইন্টারনেট ব্যবহারের ব্যস্ততম সময়ে সার্ভারগুলোতে বিপুলসংখ্যক অনুরোধ জমা হতে থাকে। একপর্যায়ে সার্ভারগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয়।
দুই ঘণ্টারও কম সময়ে অচল ৮০ শতাংশ সার্ভার: মাইক্রোসফটের ব্যবস্থায় কোনো সার্ভার অকার্যকর হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে তার কাজের চাপ সচল অন্য সার্ভারগুলোতে স্থানান্তর করা হয়। কিন্তু এ ঘটনায় বিকল্প সার্ভারগুলোর ওপরও অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে একের পর এক সার্ভার অকার্যকর হতে থাকে।
দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সমস্যাটি মাইক্রোসফটের নেটওয়ার্কজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে প্রতিষ্ঠানটির প্রায় ৮০ শতাংশ সার্ভারই সাড়া দেওয়া বন্ধ করে দেয়। অতিরিক্ত তথ্যপ্রবাহের চাপ সামলাতে না পেরে পুরো ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।
এতে আউটলুকের পাশাপাশি মাইক্রোসফট টিমস, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট ও অফিস অ্যাপসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা অচল হয়ে যায়। এসব অ্যাপের মধ্যে কয়েকটি বিকল নেটওয়ার্ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় দ্রুত সচল করা যায়। তবে আউটলুকের ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয়নি।
সেবা পুনরুদ্ধারেও তৈরি হয় নতুন সংকট: বিভ্রাটের পর সার্ভারগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয় মাইক্রোসফট। কিন্তু অনলাইনে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গেই সেগুলোর ওপর বিপুল পরিমাণ তথ্যপ্রবাহের চাপ পড়ে। এতে কিছু সার্ভার আবারো অকার্যকর হয়ে যায়।
সমস্যাটি কয়েক মাস ধরে সিস্টেমে থাকা একটি ত্রুটির সঙ্গে সম্পর্কিত হওয়ায় আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রচলিত পদ্ধতিও সহজে কার্যকর করা যায়নি। শেষ পর্যন্ত নতুন হালনাগাদ তৈরি করতে হয় প্রতিষ্ঠানটিকে। এ প্রক্রিয়ায় একেকটি সার্ভারকে ধাপে ধাপে সেবা থেকে সরিয়ে হালনাগাদ করে পুনরায় চালু করতে হয়েছে। ফলে পুরো সেবা পুনরুদ্ধারে আরো সময় লাগে।
মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস ও প্ল্যাটফর্ম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা এ ঘটনায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের সকল গ্রাহকের ওপর এর যে প্রভাব পড়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তাদের স্বাভাবিক ব্যবসা ও কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, তা আমরা উপলব্ধি করছি।’
মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের কারণ ও পুরো ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্যসহ চূড়ান্ত প্রতিবেদন এ সপ্তাহের শেষদিকে প্রকাশ করা হবে। সূত্র: ইন্ডিপেনডেন্ট
সানা/আপ্র/১৭/১১/২০২৬