ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর এবং কয়েকটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবারের জন্য ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর থেকে শ্রমিকদের একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ অবস্থায় মালিকপক্ষ ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী, শিরিরচালা ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায়ও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল ৩টার দিকে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিকদের একটি মিছিল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাঘের বাজার এলাকায় দায়িত্ব পালনকারী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
ছুটির আওতায় যেসব কারখানা: ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১ ও জি-২, জারমস ইন্ডাস্ট্রিস লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি অ্যান্ড ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, কনচেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, বারাকা ফ্যাশন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা অ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাশনওয়্যার লিমিটেড, ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, এসরোটেক্স গার্মেন্টস, এমএইচসি গার্মেন্টস এবং মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা।
সানা/আপ্র/১৭/১১/২০২৬