গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯ স্থানে ককটেল বিস্ফোরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯ স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি

ফাইল ছবি

দেশে গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ৩৩টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে। পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশিচৌকি জোরদার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও তল্লাশিচৌকি জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার নজরদারি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিসেম্বরে নাশকতার পরিকল্পনার তথ্য: পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনার তথ্যও পেয়েছেন তাঁরা। এসব আশঙ্কায় রাজধানী, গোপালগঞ্জ ও আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে বলে বিবেচিত বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বরে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি আরো বাড়ানো হবে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগর পুলিশের কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শকদের এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী ও বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৫০: এদিকে রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সাম্প্রতিক সময়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় নাশকতা প্রতিরোধের পাশাপাশি প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরীহ কাউকে হয়রানি না করার বিষয়েও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নে...

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন...

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলত...

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের পদত্যাগে শূন্য কিশোরগঞ্জ-৩ আসন
১৭ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের পদত্যাগে শূন্য কিশোরগঞ্জ-৩ আসন

শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি...

প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে
১৭ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই