ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, জুলাই আন্দোলন দমনে সাঈদ খোকনের ভূমিকা, অর্থ ও অস্ত্রের জোগান এবং পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এ ছাড়া পলাতক আসামিদের অবস্থান, তাঁদের আশ্রয়দাতা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় এবং তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে সাঈদ খোকনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।
বারিধারার বাসা থেকে গ্রেফতার: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান শুরু হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এসআরবির ওই কর্মকর্তা জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
দুর্নীতির অভিযোগেও মামলা: সাঈদ খোকনের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুর্নীতি দমন কমিশন ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর, তাঁর বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করে। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬