বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ গভীর অস্থিরতার মুখে। শ্রমিক অসন্তোষ, মজুরি নিয়ে বিরোধ, উৎপাদন বন্ধ, ভাঙচুর এবং মালিকপক্ষের অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সংকটের দ্রুত অবসানের কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। অথচ এই শিল্পের স্থিতিশীলতার সঙ্গে জড়িয়ে আছে দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার সরবরাহ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক নিরাপত্তা।
পোশাকশিল্প দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ৩ হাজার ৯৩৫ কোটি ডলার। দেশের মোট দেশজ উৎপাদনে এ শিল্পের অবদান প্রায় ৮ দশমিক ৫২ শতাংশ। প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। এর সঙ্গে যুক্ত পরিবহন, বন্দর, ব্যাংক, বীমা, প্যাকেজিং, বস্ত্র ও আনুষঙ্গিক শিল্পের অসংখ্য মানুষের জীবিকা। ফলে পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত হওয়া মানে শুধু কারখানার ক্ষতি নয়, অর্থনীতির বিস্তৃত অংশে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়া।
মালিকপক্ষের হিসাবে ইতিমধ্যে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় তিন লাখ শ্রমিকের কর্মজীবন অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির প্রয়োগ শ্রমিকদের সংকট আরো বাড়াতে পারে। কারখানা বন্ধ হলে মালিকের উৎপাদন ও আর্থিক ক্ষতি হয়, কিন্তু শ্রমিকের খাবার, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় বন্ধ থাকে না। আইন প্রয়োগের পাশাপাশি এই মানবিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে কারখানার নিরাপত্তা ও উৎপাদনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অস্থিরতার সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়া। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল, মূল্যছাড় কিংবা অন্য দেশে ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্ত নিতে পারেন। ভারত, ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলো এ সুযোগ নিতে প্রস্তুত। একবার ক্রেতাদের আস্থা হারালে তা পুনরুদ্ধার সহজ নয়। এর অভিঘাত পড়বে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক চাপ বাড়বে সংশ্লিষ্ট শিল্প ও ব্যবসার ওপরও।
তবে শ্রমিক অসন্তোষকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনধারণ কতটা সম্ভব, মূল্যস্ফীতির সঙ্গে মজুরির সামঞ্জস্য রয়েছে কি না এবং তাঁদের ন্যায্য দাবিগুলো কতটা বিবেচিত হচ্ছে, তা নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে ভাঙচুর, সহিংসতা, অন্য শ্রমিককে কাজে বাধা দেওয়া ও সড়ক অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উসকানি বা নাশকতার অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
এই সংকট উত্তরণে সরকারের কার্যকর মধ্যস্থতা এখন অপরিহার্য। মজুরি বোর্ডকে জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা বিবেচনায় দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে। প্রয়োজনে পর্যায়ভিত্তিক বাস্তবায়নের ব্যবস্থা করা যেতে পারে। মালিক, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বয়ে স্থায়ী বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারখানায় অভিযোগ জানানোর কার্যকর সুযোগ, নিয়মিত সংলাপ এবং শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মালিকদেরও উৎপাদনশীলতা বাড়ানো, অপচয় কমানো ও শ্রমিককল্যাণে বিনিয়োগ বাড়াতে হবে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ন্যায্য পণ্যমূল্য আদায়েও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পোশাকশিল্পের সাফল্য শুধু রপ্তানি আয় বা মালিকের মুনাফায় সীমাবদ্ধ নয়; শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং উৎপাদনের ধারাবাহিকতাও এর অবিচ্ছেদ্য অংশ। মালিক ও শ্রমিক পরস্পরের প্রতিপক্ষ নন, একই শিল্পের অংশীদার। তাই হুমকি, সংঘাত ও একতরফা সিদ্ধান্ত নয়, প্রয়োজন ন্যায়সংগত সমঝোতা ও দূরদর্শী রাষ্ট্রীয় উদ্যোগ। সময়ক্ষেপণ হলে ক্ষতি শুধু একটি শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিপন্ন হবে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি।
সানা/আপ্র/১৬/১১/২০২৬