বলিউডে অভিনয় জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে অস্বস্তিকর আচরণের অভিযোগ তুলেছেন তিনি। তবে কাজ হারানোর আশঙ্কায় তখন প্রতিবাদ করতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন স্বরা।
অভিনেত্রী জানান, ঘটনাটি ঘটেছিল ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের পরপরই। তখন অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল ২০-এর কোঠায়। হাতে ছিল বড় একটি কাজ এবং সামনে দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততা।
এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি তিনি। কারণ, ক্যারিয়ারের শুরুতেই কাজ হারানোর ভয় ছিল তার।
স্বরা বলেন, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি। তবে তখন বুঝতে পারেননি, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।
স্বরা বলেন, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’
তবে অভিযুক্ত পরিচালকের নাম প্রকাশ করেননি স্বরা। কী ধরনের আচরণের মাধ্যমে তিনি হয়রানির শিকার হয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
ডিসি/আপ্র/১৬/১১/২০২৬